প্যারিসের প্রথম সিঙ্গেল
অভিনয়ের পাশাপাশি সংগীতে আরও একবার নিজের ভাগ্য পরীক্ষা করতে নেমেছেন প্যারিস হিলটন। ‘গুড টাইম’ নামের এই গানটি হবে প্যারিসের গাওয়া প্রথম সিঙ্গেল।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, আর অ্যান্ড বি তারকা লিল ওয়েইনের সঙ্গে গাওয়া প্যারিসের এই সিঙ্গেলটি প্রকাশিত হবে ১ অক্টোবর।
২০০৬ সালে প্রকাশিত নিজের অ্যালবামের সেই পুরনো আমেজ ফিরিয়ে আনতেই এবার সিঙ্গেলটি প্যারিস প্রকাশ করছেন বলে জানিয়েছে এইস শোবিজ।
সম্প্রতি প্যারিস টুইট করেন, “অক্টোবর ১! আমার নতুন সিঙ্গেল ‘গুড টাইম’।”
এদিকে সাত বছর পরে গান গাইতে পেরে খুবই উত্তেজিত বোধ করছেন প্যারিস।
তিনি আরও লেখেন, “সংগীত আমার জন্য সবসময়ই খুব প্রিয় একটি বিষয়, কিন্তু আমি এতদিন অন্যান্য কাজ নিয়ে বেশ ব্যস্ত ছিলাম। তবে আমি বেশ ভালো কিছু গান রেকর্ড করেছি, গানগুলো ইলেক্ট্রনিক ড্যান্স ধাঁচের, আরও আছে ইলেক্ট্রো পপ, আর কাজ করছি সব ভালো প্রযোজকের সঙ্গে।”
