ঘর ভাঙল মাইকেল-ক্যাথরিনের
হলিউডি জুটি মাইকেল ডগলাস এবং ক্যাথরিন জেটা জোন্সের প্রায় তের বছরের সংসার ভেঙে যাওয়ার খবর বুধবার নিশ্চিত করেছেন ক্যাথরিন নিজেই। ব্যাং শোবিজের খবর অনুযায়ী, মাইকেলের ক্যান্সারই এই বিচ্ছেদের জন্য দায়ী।
ওরাল সেক্সের কারণে কণ্ঠনালীর ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর ক্যাথরিনের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয় মাইকেলের। প্রায় এক যুগ পর অবশেষে ২৮ অগাস্ট জনসম্মুখে নিজেদের বিচ্ছেদের কথা জানান ক্যাথরিন। সেইসঙ্গে তিনি জানান, ওরাল সেক্সের কারণে ‘এইচপিভি’ ভাইরাস শরীরে প্রবেশের ফলে মাইকেল কণ্ঠনালীর ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি বিচ্ছেদ ঘটাতে চাইছিলেন।
তবে ৬৮ বছর বয়সী মাইকেল এখনও নিশ্চিত করেননি ভাইরাসটি স্ত্রীর সঙ্গে পরিচিত হওয়ার আগেই তার শরীরে প্রবেশ করেছিল কি না।
দ্য সান পত্রিকা এক সূত্রের বরাতে জানিয়েছে, তাদের মধ্যে এই দূরত্ব অনেকদিন আগেই সৃষ্টি হয়। ২০১১ সালে মাইকেলের ক্যান্সার এবং এরপর ক্যাথরিনের পরপর দুবার বাইপোলার ডিসঅর্ডারে ভোগার কারণে তাদের দাম্পত্য সম্পর্কে হতাশা দেখা দেয়।
বিশেষ করে চলতি বছরের মে মাসে এটি চরম পর্যায়ে পৌঁছায়। আর তখনই তারা বিচ্ছেদের পরিকল্পনা করেন। যদিও কিছুদিনের জন্য তারা আলাদাভাবে জীবনযাপনের কথা ভেবেছিলেন।
সাবেক এই দম্পতির এক প্রতিবেশী বলেন, “আমরা মাইকেল ও ক্যাথরিনকে প্রায় ১৮ মাস ধরে একসঙ্গে দেখিনি।”
দুই সন্তানের জনক মাইকেল বর্তমানে একাকী ছুটি কাটাচ্ছেন ইউরোপে। ফ্রান্সের ‘দোভিল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ অংশ নেওয়ার জন্য মাইকেল রয়েছেন সারডিনিয়াতে। ১৯৯৮ সালে ক্যাথরিনের সঙ্গে ওখানেই তার পরিচয় হয়েছিল।
এদিকে ক্যাথরিন রয়েছেন নিউ ইয়র্কে তাদের সন্তানদের সঙ্গে নিয়ে।
