২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিন ও প্রসূনের প্রশংসায় নাঈম

হাসিন ও প্রসূন দুজনকেই ভালো অভিনয় শিল্পী এবং হেল্পফুল বলে মন্তব্য করেছেন অভিনেতা নাঈম।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 04:02 PM

Updated : 26 Jul 2022, 03:03 PM

অনুরূপ আইচের রচনা ও আশফাকুর রহমান অভির পরিচালনায় টেলিফিল্ম ‘হয়তোবা তোমাকেই ভালোবাসি’তে নিজের ও সহশিল্পীদের অভিনয় সম্পর্কে বলতে গিয়ে তিনি এ ধরনের মন্তব্য করেছেন।

এ বিষয়ে নাঈম বলেন, “এই সময়ের যে কজন ভালো অভিনয়শিল্পী আছেন, প্রসূন তাদের মধ্যে একজন। অন্যদিকে হাসিন তার গ্ল্যামার দিয়ে অনেক এগিয়ে গেছেন। আমরা খুব মজা করে টেলিফিল্মটির কাজ করেছি। তাছাড়া দুজনই খুব হেল্পফুল। একটি ইউনিটের কোআর্টিস্টরা এ ধরনের হলে কাজটি ভালো হতে বাধ্য। দর্শক আমাদের এই কাজটি উপভোগ করবেন বলেই বিশ্বাস।”

এতে দেখা যাবে, উচ্চবিত্ত পরিবারের ছেলে নাঈম। বিশ্ববিদ্যালয়ের দুই সহপাঠী হাসিন ও প্রসূনের সঙ্গে সমান্তরালভাবে প্রেম চালিয়ে যাচ্ছেন। ছোটবেলার বন্ধু আনিকার সঙ্গে সবকিছু শেয়ার করেন নাঈম। এদিকে, আনিকার সঙ্গে নাঈমের সরল বন্ধুত্বের কথা জেনেও আনিকাকে হিংসা করেন হাসিন ও প্রসূন। নাঈম ও আনিকাকে জড়িয়ে অনেক বাজে কথাও বলেন তারা। এই ধরনের কথা শুনতে নাঈমের বেশ খারাপ লাগে। এরপর থেকেই নাঈম নতুন করে ভাবতে শুরু করেন আনিকাকে নিয়ে। আনিকাকে জীবনসঙ্গী করার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু আনিকা জানান, বন্ধুত্বের চেয়ে বেশি কিছু নাঈমকে নিয়ে ভাবেননি তিনি।

২৯ অগাস্ট, বৃহস্পতিবার রাত ৮ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে এটি।