২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ সিনেকন্যার প্রিয়-পছন্দ

ববি, আইরিন, রুহি, পিয়া ও শিবা এই পাঁচ সিনে-অভিনেত্রীর শুরু হয়েছিল মডেলিং থেকে। তাদের কেউ বিজ্ঞাপনে কাজ করতেন। কেউ কেউ ছিলেন র‌্যাম্প মডেল। এখন তারা প্রত্যেকেই চলচ্চিত্রে অভিনয় করছেন। তারা কাজ করছেন বাংলাদেশের সিনেমায়। দু’একজন এরই মধ্যে বিদেশি সিনেমাতেও অভিনয় করছেন ও কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। পাঁচ অভিনেত্রীর বর্তমান কাজের ফিরিস্তি জানতে তাদের পছন্দ অনুসন্ধান করেছেন সুমাইয়া রাশেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> সুমাইয়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2013, 04:26 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

ববির দর্শন সোজা পথে চলা

সিনেজগতে ববির অভিষেক হয় ‘খোঁজ- দ্য সার্চ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে। এরপরে তার অভিনীত ‘দেহরক্ষী’ সিনেমাটি মুক্তি পেয়েছে। ত্রিভূজ প্রেমের গল্প নিয়ে নির্মিত ব্যবসাসফল সিনেমাটিতে তিনি অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও কাজী মারুফের বিপরীতে। তিনি অভিনয় করছেন রাজু চৌধুরী পরিচালিত সিনেমা ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’-এ বাপ্পির বিপরীতে। ইফতেখার চৌধুরীর পরিচালনায় ‘রাজত্ব’ ও মালেক আফসারীর ‘ফুল এন্ড ফাইনাল’-এ শাকিব খানের বিপরীতে। শফিক হাসানের পরিচালনায় ‘স্বপ্নছোয়া’য় সাইমনের বিপরীতে। মিলন ও বাপ্পির বিপরীতে কাজ করছেন ‘ওয়ান ওয়ে’তে ইফতেখার চৌধুরীর পরিচালনায়।

চলচ্চিত্রে এসেছিলেন সিনেমাকে ভালোবেসে। তিনি বলেন, “মিডিয়ার প্রতি আগ্রহ ছিল সেই ছোটবেলা থেকে। মিডিয়ায় কাজ শুরু করি টিভিসি দিয়ে। খুব ছোট থাকতে একটা টিভিসিতে কাজ করেছিলাম। তারপর কয়েক বছর আগে একটি মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানের টিভিসিতে কাজ করি। সেটা দেখেই ইফতেখার চৌধুরী তার সিনেমা ‘খোঁজ - দ্য সার্চ’ এ কাজ করার প্রস্তাব দেন। তারপর থেকেই আমার সিনেমা-গাড়ি চলছে।”

চলচ্চিত্র ভুবনে তার পরিচিতি ববি নামেই। তার পুরো নাম ইয়ামিন হক। জন্মদিন ১৮ আগস্ট। সিংহ রাশির জাতক তিনি। তার পছন্দের রং কালো ও নীল। প্রিয় পোশাক জিন্স, টি-শার্ট। এছাড়া যে কোনো ধরনের ট্রেন্ডি পোশাক পরতে তিনি পছন্দ করেন। প্রিয় খাবার আইসক্রিম। পরিবারের সঙ্গে যে কোনো জায়গায় ঘুরতে ভালোবাসেন। আবির ছড়ানো গোধূলিলগ্ন তার খুবই প্রিয়। আর প্রিয় ঋতু শীতকাল। তার কাছে সেরা মানুষ বাবা কে. এম. ইমামুল হক। সিনেমা দেখতে ভালোবাসেন। তার মতে সেরা সিনেমা ‘মাসুম’ (হিন্দি)। শাবানা আজমি, অ্যাঞ্জেলিনা জোলি, হুমায়ূন ফরিদী, শাহরুখ খানের অভিনয় পছন্দ করেন। সোজাসাপ্টা কথার মানুষ তিনি। তাই তিনি সোজাপথে চলাকে দর্শন হিসেবে মানেন। জামালপুর জেলার এই মেয়ে এবার ঈদ করতে চান নিজ বাড়িতে গিয়ে। তবে ঢাকাতেও থাকতে পারেন। বিষয়টি নিয়ে এখনও দোলাচলে আছেন।

হুট করে চলচ্চিত্রে এসেছেন জান্নাতুল ফেরদৌস পিয়া

রেদওয়ান রনির প্রথম সিনেমা ‘চোরাবালি’ দিয়ে রূপালি ভুবনে আর্বিভাব জান্নাতুল ফেরদৌস পিয়ার। প্রথম সিনেমাতেই তিনি বাজিমাত করেন। যারাই সিনেমাটি দেখেছেন তাদের কাছেই সাহসী আর অভিনয়ে সাবলীল একজন অভিনেত্রী বলে মনে হয়েছে তাকে। তবে তিনি নাকি ভুলেও কখনও সিনেমা নিয়ে ¯^প্ন দেখেননি। তাই অনেকটা হুট করেই চলচ্চিত্রে আসা। এ বিষয়ে তার ভাষ্য, “আগে কখনও ভাবিনি সিনেমায় নামব। তবে চোরাবালির কো-আর্টিস্টদের তালিকা দেখে প্রথম পাওয়া প্রস্তাবটি ফিরিয়ে দিতে পারিনি।”

এই শিল্পী র‌্যাম্প দাপিয়ে বেড়াচ্ছেন ২০০৮ সাল থেকে।

বর্তমানে কাজ করছেন মাসুদু রিকিয়ার ‘স্টোরি অব সামারা’তে। এতে আরও অভিনয় করছেন শিবা আলী খান, সাঞ্জু, আমান খান। এতে তিনি আইটেম সংয়েও পারফর্ম করছেন। অন্যদিকে আহমেদ আলী মণ্ডল পরিচালিত ‘প্রবাসীর প্রেম’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এর শুটিং হবে সাউথ আফ্রিকায়। এখন ভিসা জটিলতায় আটকে আছেন দেশে। এই সিনেমার অল্পকিছু কাজ হতে পারে ঢাকায়। তিনি অভিনয় করছেন নীরবের বিপরীতে।

এবারের ঈদে তাকে দেখা যাবে টিভিপর্দাতেও। প্রথমবারের মতো টিভির জন্য নেচেছেন। ‘ছন্দে জাগাও প্রাণ’ শিরোনামের অনুষ্ঠানটি প্রচারিত হবে আরটিভিতে। ঈদের চতুর্থদিন।

তুলা রাশির এই জাতকের জন্মদিন ১৪ অক্টোবর, প্রিয় রং লাল ও সাদা। দীর্ঘদেহী পিয়া শাড়ি পরতে ভালোবাসেন। খাবারের তালিকার শুরুতেই আছে ভাত আর আলুভর্তা। ঘুরে বেড়ানোর জন্য মিশর তার পছন্দ। এছাড়া ব্যাংককে শপিং করতে পছন্দ করেন। নিজের মতো করে কাটানো সময়গুলোই তার প্রিয় মুহূর্ত। বর্ষাকে ভালোবাসেন আর এই ঋতুতে ফোটা কদমফুলও খুব প্রিয়। তার প্রিয় ব্যক্তিত্ব বাবা মাহমুদ হাসান চৌধুরী এবং মা মাহবুবা চৌধুরী। প্রয়াত চলচ্চিত্রাভিনেতা সালমান শাহ-র সব সিনেমাই তার ভালো লাগে। বই পড়তে ভালোবাসেন। সে ক্ষেত্রে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ তার কাছে লেখকদের রাজা। অবসরে শোনেন রবীন্দ্রসংগীত। পিয়ার উক্তি-- ‘সবার উপরে মানুষ সত্য’। এই ঈদে তিনি যাবেন খুলনায়, নিজ শহরে।

কলকাতার সিনেমাতেও অভিনয় করছেন দিলরুবা ইয়াসমিন রুহী

আমাদের দেশে দিনদিন সিনেমা ও টিভিমিডিয়া মিলেমিশে একীভূত হয়ে যাচ্ছে। টিভিপর্দায় নিয়মিতরা চলচ্চিত্রের দিকে ঝুঁকছেন। অন্যদিকে চলচ্চিত্র সংশ্লিষ্টরাও সময়সুযোগ পেলে কাজ করছেন টিভির জন্য। তেমনি একজন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। এক সময় টিভি পর্দায় রোমাঞ্চ জাগাতেন তিনি। ব্যবসা সফল ‘মনপুরা’ সিনেমাটি করার পর তিনি ঘোষণা দিয়েছিলেন আর নাটক করবেন। কিন্তু কথা রাখতে পারেননি। বোকাবাক্সের হাতছানি এ বছর আবারও ফিরিয়ে আনছে তাকে। তারপরের সিনেমা ‘কাজলরেখা’র জন্য তিনি যে মেয়েটিকে পছন্দ করেছিলেন একসময় সেই রুহীকে দিয়ে তিনি এবারে নাটকও বানাচ্ছেন। প্রকল্পের নাম ‘স্ত্রী’। এতে তিন স্ত্রীর একজনের ভূমিকায় অভিনয় করছেন দিলরুবা ইয়াসমিন রুহী। টিভি অনুষ্ঠান ‘ফ্যামিলি ফ্রেন্ডস’ নামে একটি গেইম শোতে কাজ করেছেন এই মডেলকন্যা।

এখন তিনি কাজ করছেন ‘মায়ানগর’ সিনেমায়। এটি পরিচালনা করছেন ইসমত আরা শান্তি চৌধুরী। এতে আরও অভিনয় করেছেন তানজিদ তনু, নিপূণ আক্তার, আসিফ ইমরোজ প্রমুখ। চুক্তি আছে ইমরান উল ইসলাম রুমীর ‘বিচ্ছিন্ন আবেগ’ নিয়েও। সম্প্রতি ভারতের কলকাতার দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ‘গ্ল্যামার’ ও ‘স্পর্শ’তে। ঢাকাই দুটি চলচ্চিত্রেও চুক্তিবদ্ধ হয়েছেন কিছুদিন আগে। তবে এই মুহূর্তে সেসব সিনেমার নাম জানাতে অপারগ তিনি।

 ১৬ ডিসেম্বরে মুক্তি পাবে তার প্রথম অভিনীত চলচ্চিত্র মুনসুর আলী পরিচালিত ‘সংগ্রাম’। এতে অভিনয় করেছেন মুরাদ পারভেজ, আমান খান, অনন্ত হীরা, অনুপম খের (মুম্বাই) প্রমুখ। ৭ আগস্ট সিনেমাটির প্রিমিয়ার হবে লন্ডনে। এ জন্য তিনি ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করছেন ১ আগস্ট।

২০০৬ সালের এপ্রিলে ডিজাইনার এমদাদ হকের হাত ধরে র‌্যাম্পে আসেন তিনি। তার ইচ্ছা ছিল ডিজাইনার হওয়ার। সে ইচ্ছা থেকেই র‌্যাম্প মডেল হন। চলচ্চিত্র নিয়ে তার আগ্রহ ছিল আগে থেকেই। বেশকিছু প্রস্তাবও পেয়েছিলেন। তবে কোনোটিই গ্রহণ করেননি। তার ভাষায়, আর্ন্তজাতিক মানের সিনেমা ‘সংগ্রাম’-এ অফার পাওয়ার পর তিনি সুযোগটি আর হাতছাড়া করেননি।

রুহীর জন্ম ২৫ মে। রাশি মিথুন। প্রিয় রং সাদা, পোশাক শাড়ি, খাবার ভাত-ভর্তা-চচ্চড়ি। যে কোনো ঐতিহাসিক জায়গা বা স্থাপনা দেখতে ভালো লাগে তার। দেশ-বিদেশের নতুন নতুন জায়গায় ঘুরতে পছন্দ করেন তিনি। পরিবারের সঙ্গে কাটানো সময়টাই তার কাছে শ্রেষ্ঠ মুহূর্ত। প্রিয় ব্যক্তিত্ব বাবা শামসুল করিম। পছন্দের চলচ্চিত্র ‘ট্রয়’, ‘পারফিউম’, ‘লেটার অব জুলিয়েট’। মানুষের ব্যবহার ও কাজ তাকে আজীবন বাঁচিয়ে রাখে বলে বিশ্বাস করেন তিনি। বেলি, শিউলি, হাসনাহেনা ফুলের সৌরভ ভালোবাসেন। অভিনয়ে আদর্শ মানেন মঞ্চ ও টিভি অভিনেত্রী ফেরদৌসি মজুমদারকে। তিনি যখন ‘সংশপ্তক’ নাটকে এই সিনিয়র অভিনেত্রীকে হুরমতি চরিত্রে অভিনয় করতে দেখতেন তখন খুবই অবাক হতেন। সেই অনুভব আজও তাকে ছুঁয়ে যায়।

এখন তিনি শুধুই আইরিন

সনদে অথবা পাসপোর্টে যে নামই থাকুক না কেন ‘আইরিন’ নামটি এখন যার একমাত্র পরিচয় তিনি সিনেমায় আসেন ‘প্রিয়তমা আমি দাড়ি, তুমি কমা’তে চুক্তিবদ্ধ হয়ে। এর পরিচালক মোহাম্মদ আলী পারভেজ। এতে তিনি অভিনয় করছেন নিলয়ের সঙ্গে। সিনেমাটির শুটিং আপাতত বন্ধ থাকলেও খুব জলদি এর কাজ শুরু হবে। এটি ছিল তার প্রথম চুক্তিবদ্ধ হওয়া সিনেমা। এখন তিনি শুটিং করছেন সাইফ চন্দন পরিচালিত ‘ছেলেটি আবলতাবোল, মেয়েটি পাগল পাগল’ সিনেমায় আরজুর বিপরীতে। একই নায়কের সঙ্গে গাজিউর রহমান পরিচালিত ‘এই তুমি সেই তুমি’তেও কাজ করছেন।

এই র‌্যাম্প মডেল যেদিন সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান সেদিন থেকেই সিদ্ধান্ত নেন অভিনয় করার। 

আইরিনের জন্মদিন ৪ সেপ্টেম্বর, রাশি কন্যা, প্রিয় রং গোলাপি, লাল, নীল। প্রিয় পোশাক শাড়ি। পছন্দের খাবার ডাল-ভাত, মাছ। ঘুরতে পছন্দ করেন কক্সবাজারে। প্রিয় মুহূর্ত কাজ শেষে বাসায় ফেরার পরের সময়টা। পছন্দের ঋতু শীতকাল। ভালোবাসেন সফেদ স্নিগ্ধ রজনীগন্ধা। প্রিয় ব্যক্তিত্ব বাবা মুহাম্মদ মতিয়ার রহমান এবং মা শামসুন্নাহার। তার দেখা সেরা সিনেমা ‘পথের পাঁচালী’ ও ‘আনন্দ আশ্রম’। আর অনুসরণীয় উক্তি-- সদা সত্য বলা, সৎভাবে চলা।

র‌্যাম্পকন্যা শিবা আলী খান এখন সিনেমায়

সদা হাস্যোজ্জ্বল আর প্রাণোচ্ছ¡ল শিবা আলী খান। বাংলাদেশি বংশোদ্ভুত জাপানি পরিচালক মাসুদো রিকিয়ার প্রথম বাংলা সিনেমা ‘দ্য স্টোরি অব সামারা’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। এতে আরও অভিনয় করেছেন সাঞ্জু, আমান খান ও পিয়া। সিনেমাটির রিহার্সেল হয়েছে। শুটিং চলছে এখন। এরই মধ্যে আরও দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শিবা। তিনি অনেক দিন ধরেই র‌্যাম্পে কাজ করছেন। মডেলিং জগতে তিনি বেশ পরিচিতও বটে।

মীন রাশির জাতক শিবার জন্মদিন ১৬ মার্চ। আর দশজন বাঙালি মেয়ের মতো তিনি শাড়ি পরতে খুব পছন্দ করেন। প্রিয় রং নীল ও কালো। খেতে পছন্দ করেন শাকসবজি ও ফলমূল। সৈকতে দাঁড়িয়ে সমুদ্রের বিশালতা দেখতে ভালো লাগে তার। আর দিনের শুরুর ভাগ অর্থাৎ সকালটা উপভোগ করেন সব সময়। প্রিয় ঋতু শীতকাল। তার কাছে সেরা মানুষ বাবা ওয়াহাব আলী খান। সময় পেলেই সিনেমা দেখেন তিনি। দেশি-বিদেশি অনেক সিনেমা তার দেখা। তবে তারেক মাসুদ পরিচালিত ‘মাটির ময়না’ তার দেখা সেরা চলচ্চিত্র। সিনেমাজগতে আসতে না আসতেই তিনি বলতে শুরু করেছেন, ‘হলে গিয়ে বাংলা সিনেমা দেখুন’। এবারে ঈদ কোথায় করবেন এটা নিয়ে এখনও মহাচিন্তায় আছেন। তবে সম্ভাব্য স্থানের তালিকায় রয়েছে রাজধানী ঢাকা আর পৈত্রিক বাড়ি মুন্সিগঞ্জ।