২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পঁচিশ বছরে সালমান

বলিউডে অভিনেতা হিসেবে ২৫ বছর পূর্ণ করলেন সালমান খান। ২২ অগাস্ট অভিনয়জীবনের রজতজয়ন্তী উদ্যাপন করছেন সালমান।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2013, 07:13 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

এনডিটিভি জানিয়েছে, ১৯৮৮ সালের ২২ অগাস্ট ‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমার মধ্য দিয়ে অভিনেতা হিসেবে পথচলা শুরু করেন সালমান। সিনেমাটিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সুরাজ ভারজাতিয়ার ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমাতে তিনি প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। ‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমাটি তেমনভাবে দর্শক আকর্ষণ করতে না পারলেও ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যায়নে পেয়ার কিয়া’ বক্স অফিসে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

২৫ বছরের বলিউডি ক্যারিয়ারে ‘সাজান’, ‘খামোশি’, ‘হাম দিল দে চুকে সানাম’, ‘তেরে নাম’ এর মতো আলোচিত অনেক সিনেমা উপহার দিয়েছেন সালমান। তার ক্যারিয়ারে সুপারহিট সিনেমার সংখ্যাও কম নয়। ‘বিবি নাম্বার ওয়ান’, ‘পার্টনার’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘হাম সাথ সাথ হ্যায়’ রয়েছে সেই তালিকায়।

বলিউডে ১০০ কোটি রুপি আয় করা সিনেমার তালিকায় সালমান অভিনীত সিনেমার সংখ্যাই সবচেয়ে বেশি। সেই তালিকায় রয়েছে ‘দাবাং’, ‘দাবাং টু’, ‘এক থা টাইগার’ এবং ‘বডিগার্ড’।

তবে এই ২৫ বছরে বেশ কয়েকবার আইনী ফ্যাসাদেও পড়তে হয়েছে সালমানকে। এরমধ্যে উল্লেখযোগ্য হল ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলাকালে কৃষ্ণহরিণ শিকার এবং ২০০২ সালের হিট-অ্যান্ড-রান কেস।