‘চতুরঙ্গ’ ও ‘সিক্রেট সার্ভিস’
ইটিভি এবং দেশ টিভিতে শুরু হচ্ছে নতুন দুটি ধারাবাহিক নাটক। একুশে টেলিভিশনে সম্প্রচার শুরু হচ্ছে ‘চতুরঙ্গ’। দেশ টিভিতে শুরু হচ্ছে সিক্রেট সার্ভিস।
এ বিষয়ে চ্যানেল দুটির অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, গ্রামীণ সমাজের নানারকম মানুষের জীবনচিত্র নিয়ে ‘চতুরঙ্গ’ নাটকের গল্প আবর্তিত হয়েছে। আনোয়ার হোসেন আনুর রচনা এবং কায়সার আহমেদের পরিচালনায় ধারাবাহিক নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শশী, রুনা খান, ওয়াহিদা মল্লি¬ক জলি, আবুল হায়াত, ফজলুর রহমান বাবু, আলভী মুক্তি, আ খ ম হাসান, সাজু খাদেম, শামীম, তন্দ্রা প্রমুখ। ধারাবাহিকটির প্রথম পর্ব প্রচারিত হবে ১৮ অগাস্ট। এটি সপ্তাহের প্রতি রোববার ও সোমবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে।
অন্যদিকে দেশটিভির নতুন ধারাবাহিক ‘সিক্রেট সার্ভিস’ রচনা করেছেন মাসুম রেজা। পরিচালনা করেছেন আরিফ খান। এতে অভিনয় করেছেন জামালউদ্দিন হোসেন, মামুনুর রশিদ, ফেরদৌসী মজুমদার, কে.এস. ফিরোজ, পীযুষ বন্দ্যোপাধ্যায়, মিতা চৌধুরী, শাহরিয়ার শুভ, কল্যাণ, আরফান নিশো, সোহানা সাবা প্রমুখ। প্রচারিত হবে রবি, সোম ও মঙ্গলবার রাত ১০টা ৩০ মিনিটে।
