শীর্ষে এলিসিয়াম
যুক্তরাষ্ট্রের বক্সঅফিসে এক নম্বরে রয়েছে সায়েন্স ফিকশন এলিসিয়াম।
ম্যাট ডেমন অভিনীত হলিউডি সায়েন্স ফিকশন সিনেমা ‘এলিসিয়াম’ রয়েছে চলতি সপ্তাহে আমেরিকান বক্স অফিস তালিকায় এক নম্বরে। মুক্তির পর প্রথম সপ্তাহ শেষে সিনেমাটির আয় ৩ কোটি ৫ লাখ ডলার। খবর জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।
ফক্স নিউজের দেওয়া তথ্য অনুযায়ী, জেনিফার অ্যানিস্টনের কমেডি সিনেমা ‘উই আর দ্য মিলারস’কে হটিয়ে এ সপ্তাহে শীর্ষে অবস্থান করছে নীল ব্লুমক্যাম্প পরিচালিত ‘এলিসিয়াম’।
দ্বিতীয় স্থানে নেমে আসা ‘উই আর দ্য মিলারস’-এর এ সপ্তাহের বক্স অফিস আয় ছিল ২ কোটি ৬৬ লাখ ডলার।
এদিকে এ সপ্তাহে মুক্তি পেয়েছে ডিজনির নতুন অ্যানিমেশন মুভি ‘প্লেইনস’। সিনেমাটি এখন পর্যন্ত ২ কোটি ২৫ লাখ ডলার আয় করে রয়েছে তিন নম্বরে।
সেরা পাঁচের তালিকায় ‘পার্সি জ্যাকসন: সি অফ মনস্টারস’ এবং ‘টু গানস’, যথাক্রমে চার এবং পাঁচ নম্বর অবস্থানে রয়েছে।
জুলাই মাসে মুক্তি পাওয়া অ্যানিমেশন মুভি ‘ডেসপিকেবল মি টু’ নেমে এসেছে নয় নম্বরে। আর এক্স মেন সিরিজের ‘দ্য উলভারিন’ রয়েছে সাত নম্বর অবস্থানে।
