গোলযোগে বাঁধন
‘গোলযোগ’ খণ্ড নাটকে অভিনয় করছেন বাঁধন।
ঈদের জন্য নির্মিত খণ্ডনাটক ‘গোলযোগ’-এ অভিনয় করছেন বাঁধন। রুম্মান রশীদ খানের লেখা নাটকটি পরিচালনা করেছেন মিথুন ভট্টাচার্য।
এ নাটকে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন বাঁধন এবং হাসিন। বাঁধনের স্বামীর চরিত্রে রওনক হাসান এবং হাসিনের স্বামীর চরিত্রে আরিফ মাহবুব তমালকে দেখা যাবে। নাটকে আরও অভিনয় করেছেন সোহেল আহমেদ রাসেল, কোয়েল এবং মাশরুর চৌধুরী।
এ বিষয়ে পরিচালক মিথুন জানান, একসময় ঝগড়া ছিল নিভার (বাঁধন) নিত্যদিনের কাজ। স্বামী পার্থ (রওনক) নিরীহ প্রকৃতির। তবে নিভা তার ভুল বুঝতে পেরে সিদ্ধান্ত নেয় সে স্বামীর সঙ্গে আর ঝগড়া করবে না। তবে নানা ঘটনা-দুর্ঘটনা নিভাকে অশান্ত করে তোলে। উপরের তলায় নতুন প্রতিবেশী সাথী (হাসিন), যে পার্থর সহপাঠী ছিল, নতুন করে পার্থর জীবনে এসে গোলোযোগ সৃষ্টি করে। সাথীর স্বামীর নামও পার্থ (তমাল)। এ নিয়ে আরেক গোলোযোগ। নিভার স্বামীর অফিস কলিগ মাসুম (রাসেল) আবার মেয়ে দেখলে বিগলিত হয়ে যায়। নিভাকে সাহায্য করতে গিয়ে নিভার প্রতিবেশি সাথীর ছোটবোন বীথির (কোয়েল) প্রেমে পড়েন মাসুম। সাথীর স্বামী পার্থ নিভার প্রেমে পড়েন। সব মিলিয়ে গোলোযোগের গোলক ধাঁধায় বন্দি হয় ওরা।
ঈদে এসএটিভিতে প্রচারিত হবে ‘গোলোযোগ’।
