হিরোশিমা দিবস উপলক্ষে নাটক
হিরোশিমা দিবস উপলক্ষে ‘ত্রিংশ শতাব্দী’র মঞ্চায়ন করবে স্বপ্নদল।
বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও নাট্যসংগঠন স্বপ্নদল যৌথ আয়োজনে ১ আগস্ট এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে হিরোশিমা-নাগাসাকির বিয়োগান্ত ঘটনা অবলম্বনে স্বপ্নদলের প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’র মঞ্চায়ন করবে। বাদল সরকারের রচনায় ‘ত্রিংশ শতাব্দী’-র রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
এই আয়োজন বিষয়ে স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপন গ্লিটজকে বলেন, “হিরোশিমা দিবস মূলত ৬ আগস্ট হলেও এ বছর ধর্মীয় উৎসব শবে কদর ও ঈদের কারণে দিবসটি স্মরণে ১ আগস্ট অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এ দিন বিকাল ৫টা থেকে চলবে যুদ্ধবিরোধী পোস্টার-আলোকচিত্র-চলচ্চিত্র প্রদর্শনী, সন্ধ্যা সাড়ে ৭টায় যুদ্ধযন্ত্রণার প্রতীক জাপানি শিশু সাদাকো সাসাকি স্মরণে কাগজের সারস বিতরণ ও যুদ্ধবিরোধী আলোচনা অনুষ্ঠান।”
জাহিদ রিপন আরও বলেন, “শিল্পকলা একাডেমীর নাট্যকলা বিভাগের পরিচালক সারা আরা মাহমুদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশস্থ জাপান দূতাবাসের মিনিস্টার হিরোইউকি মিনামি এবং গণসংযোগ ও সাংস্কৃতিক বিভাগের পরিচালক রিওজি সুগে। এরপর থাকবে ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনার বিশেষ মঞ্চায়ন। হিরোশিমা দিবস উপলক্ষে নাট্যপ্রদর্শনীসহ সকল অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে।”
তিনি জানান, স্বপ্নদল জাপানের বাইরের একমাত্র নাট্যদল হিসেবে ১২ বছর ধরে নিয়মিতভবে যুদ্ধবিরোধী প্রচারণাসহ হিরোশিমা দিবস পালন করে আসছে। ২০১১ থেকে এ আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। দিবসটি পালনে সহযোগিতা করছে জাপান-বাংলা পিস ফাউন্ডেশন।
‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনার গ্রন্থিকরা হলেন, হাসান রেজাউল, সোনালি রহমান জুলি, ফজলে রাব্বী সুকর্ণ, শিশির সিকদার, শাখাওয়াত শ্যামল, রাকিব হোসেন, আমজাদ শরীফ, সামাদ ভূঞা, জেবুন্নেসা আলো, আল-আমিন, মোস্তাফিজুর রহমান, জাহিদ রিপন প্রমুখ।
