নাট্যকারের চরিত্রে খায়রুল আলম সবুজ
‘তিনি আর নাটক লিখবেন না’ নাটকে অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ
এবারে অভিনয়শিল্পী খায়রুল আলম সবুজকে দেখা যাবে একজন নাট্যকারের ভূমিকায়। ‘তিনি আর নাটক লিখবেন না’ শিরোনামের নাটকটিতে আরও অভিনয় করেছেন রাতিন, ম. আ. সালাম, আরিফ হোসেন প্রমুখ। এটি রচনা করেছেন শামীম ফেরদৌস এবং প্রযোজনা করেছেন মো. জিয়াউল হক।
নাট্যকার শামীম ফেরদৌস এ বিষয়ে বলেন, “একজন নতুন নাট্যকারের প্রতি নির্মাতাদের অবহেলার বিষয়টিকে এতে তুলে ধরা হয়েছে। কেবল সুযোগের অভাবে অনেক প্রতিভা যে ঝরে পড়ে এমনই একটি ঘটনা নিয়ে এই নাটক।”
এদিকে জিয়াউল হক বলেন, “বিটিভির নিজস্ব স্টুডিও এবং শাহবাগ আজিজ মার্কেটসহ ঢাকার বিভিন্ন লোকেশনে ৮ ও ৯ জুলাই নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।”
তিনি আরও বলেন, “নাটকটির অন্যতম বৈশিষ্ট্য এতে কোন নারী চরিত্র নেই। এখানে দৃশ্য ও সংলাপে নারীর ভ‚মিকা উঠে এলেও কোন অভিনেত্রী নেই। বিষয়টি নাটকের ক্ষেত্রে নতুন হলেও দর্শকের ভাল লাগবে বলেই প্রত্যাশা করছি।”
খায়রুল আলম সবুজ তার চরিত্রটি সম্পর্কে বলেন, “আমি যেহেতু লেখালেখির সঙ্গে জড়িত সেহেতু নাট্যকারের চরিত্রে অভিনয় করতে গিয়ে স্বভাবতই স্বাচ্ছন্দ্যবোধ করেছি। এ ধরনের গল্প নিয়ে আগে অনেক কাজ করা হয়ে থাকলেও নাট্যকার সমসাময়িক বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছেন। অবহেলায় অনেক প্রতিভা যে নষ্ট হয়ে যায় তা প্রতিফলিত হয়েছে এই নাটকে।”
২৭ জুলাই রাত আটটার বাংলা সংবাদের পর বিটিভিতে নাটকটি প্রচারিত হবে।
