ধারাবাহিকে তুলনা
ঈদের ধারাবাহিকে অভিনয় করেছেন র্যাম্প মডেল তুলনা
ঈদ উপলক্ষে নির্মিত বিশেষ ধারাবাহিক নাটক ‘কেমিস্ট্রি অব লাভ’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন র্যাম্প মডেল ও কোরিওগ্রাফার তুলনা আল হারুণ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন নাসিম সাহনিক।
এ বিষয়ে তুলনা গ্লিটজকে বলেন, “এবারের ঈদে মডেলিং নিয়ে খুবই ব্যস্ত আছি। এরই মধ্যে একটি টিভি অনুষ্ঠানের সঞ্চলনার কাজ করেছি। অনেকগুলো ফ্যশন হাউজের মডেলও হয়েছি। এর ফাঁকে নাসিম সাহনিকের এই নাটকটিতে কাজ করলাম।”
তিনি আরও বলেন, “অভিনয়ে আমি খুবই অনিয়মিত। মাঝেমধ্যে শখের বসে দু-একটা কাজ করা হয়। এই প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে ভালোবাসা নিয়ে যে ধরনের কেমিস্ট্রি দেখা যায় এর গল্পে তাই তুলে ধরা হয়েছে। আশা করছি দর্শক নাটকটি উপভোগ করবেন।”
এতে আরও অভিনয় করেছেন জিনাত হোসেন যুথী, রাহা, তাহসিন, জামিল, রিফাত জাহান, হিমু , মডেল ওমর, ওয়াহিদা রাহি, উজ্জ্বল কবির, প্রবীর দত্ত প্রমুখ।
নির্মাতা সুত্রে জানা গেছে, ছয় পর্বের নাটকটি নিবেদন করছে ঈগলু ও প্রযোজনা করছে টেন অন টেন এন্টারটেইনমেন্ট।
