২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও মেঘে ঢাকা তারা

‘মেঘে ঢাকা তারা’র খোঁজে শামীম আরা নীপা, শুভ্র দেব ও মেহের আফরোজ শাওন।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2013, 11:10 AM

Updated : 25 Apr 2022, 06:58 PM

বেসরকারি সংস্থা ব্র্যাক কিশোরীদের জীবনমান উন্নয়নে তৃতীয় বারের মতো আয়োজন করতে যাচ্ছে রিয়েলিটি শো ‘মেঘে ঢাকা তারা’। এবারে প্রতিযোগিতাটির সঙ্গে যোগ দিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা। এতে বিচারকের আসনে বসছেন নৃত্যশিল্পী শামীম আরা নীপা, কণ্ঠশিল্পী শুভ্র দেব ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন নাবিলা।

৯ জুলাই সকাল ১১টায় রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। এতে উপস্থিত ছিলেন ব্র্যাক এর প্রোগ্রাম ম্যানেজার (শিক্ষা) রাশিদা পারভিন, মাছরাঙা টেলিভিশনের পক্ষে হেড অব ইভেন্ট কবির বকুল, উপদেষ্টা কামরুন্নেসা হাসান, প্রতিযোগিতার সংগীত বিভাগের গ্রুমিং সেশনের প্রশিক্ষক কণ্ঠশিল্পী অনুপ বড়ুয়া, ফকির শাহবুদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানটি সম্পর্কে রাশিদা পারভীন জানান, প্রতি দুই বছরে একবার এই প্রতিযোগিতার আয়োজন করছে ব্র্যাক। প্রথম ২০০৯ সালে ‘নাচে গানে নাম্বার ওয়ান’ শিরোনামে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এটি প্রচারিত হয়েছিল একুশে টিভিতে। ‘মেঘে ঢাকা তারা’ নামে দ্বিতীয় অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এটি প্রচারিত হয় এটিএন বাংলায়। এবারে একই শিরোনামে অনুষ্ঠানটি তৈরি ও সম্প্রচার করছে মাছরাঙা।

রাশিদা পারভিন আরও জানান, এবারে কিশোরী ক্লাবের আট হাজার পাঁচশ’ প্রতিযোগী প্রথম পর্যায়ে অংশ নেয়। বাছাই শেষে ৪০ জন প্রতিযোগী নিয়ে শুরু হচ্ছে জাতীয় রাউন্ড। এ পর্যায়ে নাচ ও গান দুটি ক্ষেত্রে ২০ জন করে ৪০ জন প্রতিযোগী নিয়ে এই আয়োজন হতে যাচ্ছে। গ্রুমিং ও ৪টি স্তরের প্রতিযোগিতার মাধ্যমে নাচে ৩ জন এবং গানে ৩ জন মোট ৬ জনকে নিয়ে হবে গ্রান্ড ফিনালে। সেখানে ১ জন নাচে এবং ১ জন গানে চূড়ান্ত বিজয়ী হবেন।

তিনি বলেন, “রিয়েলিটি শো থেকে তারকা বের হন। আমরা তারকা তৈরি করতে চাই না। আমরা শিল্পী তৈরি করার জন্য এই রিয়েলিটি শোয়ের আয়োজন করেছি। তাই বিজয়ীদের নগদ অর্থ বা লোভনীয় কোনো পুরস্কার দিচ্ছি না। তবে তাদের ভবিষ্যত গড়ে দিতে পৃষ্ঠপোষক হিসেবে থাকব।”

এ সময় কবির বকুল মাছরাঙা টেলিভিশনের পক্ষ থেকে ঘোষণা দেন, প্রতিযোগিতায় শুধু বিজয়ীদেরই নয়, চ্যানেলটি মেধাবী অংশগ্রহণকারীদের সব ধরনের অনুষ্ঠানে পারফর্ম করার সুযোগ দেবে।

এতে জানানো হয়, জুলাই মাসের মাঝামাঝি থেকে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে গ্রুমিং শুরু হবে। অগাস্টে মূল প্রতিযোগিতার শুটিং শুরু হবে। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ‘মেঘে ঢাকা তারা’র সম্প্রচার শুরু হবে।