দুদিন আগে পুলিশ ডেকেছিলেন মিতা নূর
১ জুলাই ভোরের দিকে মৃত্যু হয়েছে মিতা নূরের ।
ঘরটিতে প্রবেশ করে হাতের ডান পাশের দেয়ালে তাকালেই চোখে পড়ে অভিনয়শিল্পী মিতা নূরের হাস্যোজ্জ্বল একটি ফটোগ্রাফ। ঘরটির চারদেয়াল ঘেঁষে সোফা, মেঝে পুরু কার্পেটে ঢাকা। সামনের দেয়ালের বাম কোণে আরও একটি ছবি। এতে মিতা নূরের সঙ্গে আছেন তার স্বামী শাহনূর রহমান রানা। ঘরময় আরও অনেককিছু থাকলেও বোঝার উপায় নেই এই ঘরেই ১ জুলাই ভোরের দিকে মৃত্যু হয়েছে মিতার। আর মাথার উপরে যে দুটি ফ্যান ঘুরছে তার মধ্যে দরজার সামনের ফ্যানটির সঙ্গেই খয়েরি রংয়ের ওড়নায় ঝুলে ছিল তার লাশ। গুলশান থানার কর্মকর্তা রফিকুল ইসলাম এমনটাই ব্রিফ করেন।
গুলশান-২-এর ১০৪ নম্বর সড়কের ১৬ নম্বর বাসার ছয়তলায় ফ্ল্যাটটি। এখানেই বসবাস করতেন এই অভিনেত্রী ও মডেল। এখন ফ্ল্যাট ভরা মানুষ। সেখানে পুলিশ, গণমাধ্যমকর্মী, মিডিয়া সংশ্লিষ্টদের পাশাপাশি তার বাবা ফজলুর রহমান এবং মা মরিয়ম সরকারও ছিলেন। শ্বশুর সৈয়দ আহমেদ মজুমদারসহ মিতার শ্বশুর বাড়ির অনেকেই ছিলেন।
এই মৃত্যু নিয়ে দুঃখে কাতর আত্মীয়স্বজন, বন্ধু, শুভাকাঙ্ক্ষি এবং মিডিয়াসংশ্লিষ্ট সকলেরই নানা জিজ্ঞাসা। কী এমন হয়েছিল মিতার, যে গলায় মরণফাঁস এল তার।
এই প্রশ্নের উত্তরে বাবা ফজলুর রহমান কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলেন। তার কাছে আবারও জানতে চাওয়া হল, এটা কি আত্মহত্যা না হত্যা।
তিনি তখনও কিছু বলেননি।
তাকে প্রশ্ন করা হল, স্বামীর সঙ্গে সম্পর্ক কেমন ছিল? এবার তিনি বললেন, “তাদের ২৪ বছরের সংসার। স্বামী-স্ত্রীর মধ্যে কলহ থাকতে পারে। তবে আমরা সেটা জানি না।”
শ্বশুর সৈয়দ আহমেদ মজুমদার কোনো মন্তব্য করেননি।
অভিনেতা-নির্মাতা তারিক আনাম খানকে দেখা যায় সেখানে। তার সঙ্গে ছিলেন নির্মাতা তুহিন বড়ুয়া। তারা কারও কারও সঙ্গে একটা-দুটা কথাও বললেন। একসময় তাদের কথা জানতে মিডিয়াকর্মীরা এগিয়ে যান। তারিক তার প্রতিক্রিয়ায় বলেন, “এটা অপ্রত্যাশিত, অবিশ্বাস্য।”
পিছনে দাঁড়ানো রোকেয়া প্রাচীর চোখ থেকে গড়িয়ে পড়ছে জল। তার কাছেও জানতে চাওয়া হয় অভিমত।
ভিড় বাড়তে থাকলে আর দেখা যায়নি মিতার দুই ছেলে সাদমান নূর প্রিয় এবং শেহজাত নূর পৃথ্বীকে। দেখা মেলেনি স্বামী শাহনূর রহমান রানারও। জানা যায় তিনি ঘরেই আছেন। তবে মিডিয়ার সঙ্গে কোনো কথা বলবেন না তিনি।
বেলা দেড়টার দিকে পাওয়া গেল গুলশান থানার ওসি রফিকুল ইসলামকে। তিনি এই অপমৃত্যু সম্পর্কে জানান সংবাদকর্মীদের।
তিনি বলেন, “ভোর ছয়টা চল্লিশ মিনিটে মিতা নূরের স্বামী শাহনূর রহমান আমাকে ফোন করেন। তিনি জানান ওড়নাতে ঝুলে আছেন মিতা নূর। সঙ্গে সঙ্গে একজন অফিসারকে সেখানে পাঠানো হয়। আমি নিজেও আসি। সিআইডির ক্রাইম বিভাগকেও জানানো হয়। পুলিশ এসে দেখে, তিনি ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। তার গলায় একটি ওড়না প্যাঁচানো। ওড়নার রং ছিল খয়েরি। এখন তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। পোস্টমর্টেম শেষে আমরা আবারও আপনাদের বিস্তারিত জানাব।”
এ সময় এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “দুদিন আগে আমরা জানতে পারি স্বামী-স্ত্রীর মধ্যে মনোমানিল্য হয়েছে। এরপর আমরা উভয়ের সঙ্গে কথা বলেছি। তারপর তাদের সম্পর্ক স্বাভাবিকই ছিল। ৩০ জুন, রোববার দুপুরে তার স্বামী বাসায় আসেন। তিনি মাছভাজা খেতে চাইলে, বাসার কাজের লোক মাছ ভেজে দেন। এরপর দুজনে একসঙ্গে লাঞ্চ করেন। কাল সারাদিন বাসাতেই ছিলেন মিতা নূর।”
তিনি আরও বলেন, “রাতে তিনি পিঠা খেতে চাইলে কাজের মেয়ে তাকে পিঠা বানিয়ে দেন। সেই পিঠা দিয়ে তিনি রাতের খাবার সারেন। পরে স্বামী-স্ত্রী একসঙ্গে ঘুমাতে যান।”
কী নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়, এর উত্তরে রফিকুল বলেন, “দুদিন আগে নিকেতনে স্বামী শাহনূর রহমানের বায়িং হাউজের অফিসে যান মিতা নূর। সেখানে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। খবর পেয়ে একপর্যায়ে সেখানে পুলিশ গিয়ে হাজির হয়। পুলিশের মধ্যস্থতায় স্বামী-স্ত্রীর মধ্যে সমঝোতা হয়।”
তিনি আরও বলেন, ‘সেদিন মিতা নূরই আমাদের খবর দিয়েছিলো।’
মৃত্যু ঘটনাটিকে কীভাবে দেখছেন এবং তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না-- এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমরা বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখছি। সিআইডি টিমও কাজ করছে। আগে ময়নাতদন্তের রিপোর্ট আসুক। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। এরপর আমরা ব্যবস্থা নেব। আপনাদের সবই জানানো হবে।”
সময় গড়ানোর সঙ্গে ধীরে ধীরে ফ্ল্যাটের ভিতরে ভিড় কমতে থাকে। আত্মীয়-পরিজনরা বাসার এখানে সেখানে চুপচাপ বসে ছিলেন। পুলিশ তখনও সেখানেই ছিল। সকলের অপেক্ষা ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য।
১৯৮৯ সালে বাংলাদেশ টেলিভিশনের সাপ্তাহিক নাটক ‘সাগর সেঁচা সাধ’ এ অভিনয়ের মধ্য দিয়ে মিতা নূরের অভিষেক হয়। ১৯৯২ সালে আফজাল হোসেনের নির্দেশনায় অলিম্পিক ব্যাটারির বিজ্ঞাপনে মডেল হয়ে পরিচিতি পান তিনি। এরপর তাকে নিয়মিত বিভিন্ন নাটকে দেখা যেতে থাকে।
টিভি নাটকে অভিনয় ও মডেলিংয়ের পথ ধরে ২০১১ সালে নাট্য নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন মিতা নূর। ওই বছর ‘চৌঙ্গালি’ নামের একটি খণ্ড নাটক নির্মাণ করেন তিনি।
