সালমান-আনুশকা জুটি
সুরাজ ভারজাতিয়ার পরবর্তী সিনেমায় জুটি বাঁধছেন সালমান খান এবং আনুশকা শর্মা।
বলিউডে নতুন জুটির তালিকায় যুক্ত হতে যাচ্ছে সালমান খান এবং আনুশকা শর্মার নাম। জি মিডিয়া ব্যুরো জানিয়েছে, সুরাজ ভারজাতিয়ার পরবর্তী সিনেমায় জুটি বাঁধবেন ওই দুই বলিউডি অভিনয়শিল্পী।
প্রভাবশালী একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রে আনুশকাকে নেওয়া যায় কি না বেশ কিছুদিন ধরে এমন আলোচনার পর সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, সুরাজ ভারজাতিয়ার পরবর্তী সিনেমাটি হতে যাচ্ছে একটি পারিবারিক ড্রামা; দীর্ঘ বিরতির পর এই সিনেমায় সালমানকে দেখা যাবে রোমান্টিক চরিত্রে। ব্লকবাস্টার হিট সিনেমা ‘হাম সাথ সাথ হ্যায়’-এর ১৪ বছর পর আবারও ভারজাতিয়ার সঙ্গে জুটি বাঁধছেন সালমান।
সালমানের চিরশত্রু হিসেবে পরিচিত শাহরুখ খানের হাত ধরে বলিউডে যাত্রা শুরু করেছিলেন আনুশকা। আর তাই ‘কিক’ এবং ‘নো এন্ট্রি’ সিকুয়ালে ‘ব্যান্ড বাজা বারাত’ খ্যাত ওই অভিনেত্রী অভিনয় করবেন, এমন গুজব ছড়ালেও পরে তা মিথ্যা প্রমাণিত হয়।
জানা গেছে, সিনেমাটিতে আনুশকাকে অভিনয় করার জন্য অনুরোধ করেন ভারজাতিয়া নিজেই। আনুশকাও সানন্দেই গ্রহণ করেছেন তার এই প্রস্তাব। এর মাধ্যমে ‘রব নে বানাদি জোড়ি’ তে শাহরুখ, ‘পিকে’ তে আমিরের পর এবার নাম ঠিক না হওয়া এই সিনেমায় সালমানের বিপরীতে কাজের সুযোগ পাচ্ছেন আনুশকা।
