২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

না-মানুষের গল্প

শ্যালিকাকে বিয়ে করার জন্য দুধের সঙ্গে বিষ মিশিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে জয়নাল। বিষয়টি সবার অজানা থাকলেও একদিন সে তার পাপের কথা জানায় একজন আগন্তুককে। এই জয়নাল চরিত্রতে অভিনয় করেছেন মোশারফ করিম। পাপ স্বীকার করে নিজেকে অমানুষ দাবি করেন তিনি। এ ধরনের একটি গল্প থেকে সম্প্রতি তৈরি হয়েছে টেলিফিল্ম  ‘না-মানুষের গল্প’।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 03:10 PM

Updated : 26 Jul 2022, 03:02 PM

আসাদ সরকার রচিত টেলিফিল্মটি পরিচালনা করেছেন হাবিব মাসুদ। এতে আরও অভিনয় করেছেন রিচি সোলায়মান, ইউসুফ হাসান অর্ক ও ঐশি। প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

এ বিষয়ে আসাদ গ্লিটজকে বলেন, “রোমহর্ষক বর্ণনা শুনে বিস্ময়ে শিউরে ওঠে আগন্তুক আবেদ। সে বিস্ময় ধীরে ধীরে উত্তেজনায় রূপ নেয়। আবেদ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে জয়নালকে না-মানুষ আখ্যায়িত করে চড়াও হয় তার উপর। আবেদ জয়নালের উপর চড়াও হওয়ার পর ঘটনা মোড় নেয় অন্যদিকে। শেষতক একটি পুরনো হিসেব মেলাতে গিয়ে জয়নাল খুন করে তাকে।”

এদিকে হাবিব মাসুদ বলেন, “গ্রামীণ পটভূমিতে নির্মিত টেলিফিল্মটির শুটিং করেছি পাখির টেক ও পূবাইলে। এতে মানুষরূপী দুজন অমানুষের গল্প তুলে ধরা হয়েছে। আশা করছি, দর্শক টেলিফিল্মটি উপভোগ করবেন।”

হাবিব আরও জানিয়েছেন, ১৯ জুন বেলা ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে টেলিফিল্ম ‘না-মানুষের গল্প’ প্রচারিত হবে।