২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিয়াঙ্কার পিতৃবিয়োগ

ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন বলিউডি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বাবা চিকিৎসক অশোক চোপড়া। জি মিডিয়া ব্যুরো জানিয়েছে, অসুস্থ থাকার কারণে কয়েকদিন ধরে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 10:24 AM

Updated : 25 Apr 2022, 06:50 PM

জুন মাসের প্রথম সপ্তাহে অশোক চোপড়ার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর তাকে মুম্বাইয়ের ‘কোকিলাবেন ধীরুভাই আম্বানি’ হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ২০০৫ সালে যখন প্রিয়াঙ্কা তার সিনেমা ‘ব্লাফমাস্টার’-এর শুটিং করছিলেন তখন তার বাবার ক্যান্সার ধরা পড়ে। পরবর্তীতে তিনি সুস্থ হয়ে উঠলেও সম্প্রতি আবারও তার শরীরে ক্যান্সার ফিরে এসেছিল।

এদিকে প্রিয়াঙ্কা নিজের কাজের ফাঁকে নিয়মিত বাবার খোঁজ নিয়েছেন। প্রিয়াঙ্কার বাবা মারা যাবার আগে এক সূত্র জানায়, প্রিয়াঙ্কার বাবার অবস্থার কোনো উন্নতি ঘটেনি। তবে প্রিয়াঙ্কা তার শুটিং ইউনিটের কাউকে জানাননি তার বাবার অবস্থা কতখানি খারাপ। তিনি তার নতুন সিনেমায় মেরি কমের চরিত্রের জন্য নিয়মিত অনুশীলন চালিয়ে গেলেও বর্তমানে সবকিছু স্থগিত রেখেছেন।

প্রিয়াঙ্কা তার বাবা অশোক চোপড়ার সঙ্গে খুবই ঘনিষ্ঠ ছিলেন; তিনি তার হাতের কব্জিতে বাবার নামে ট্যাটু এঁকেছেন। বাবা অসুস্থ হবার পর তিনি ছয় ঘণ্টা পূজাও করেছিলেন।