২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পথশিশুদের অভিনীত ‘হীরামন’

সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে নির্মিত হচ্ছে নাটক ‘হীরামন’।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2013, 01:26 PM

Updated : 25 Apr 2022, 06:48 PM

মামুনুর রশীদের নির্দেশনায় সুবিধাবঞ্চিত পথশিশুদের অভিনীত টেলিভিশন নাটক ‘হীরামন’-এর নির্মাণ চলছে বেঙ্গল স্টুডিওতে। এতে অভিনয় করছে পথশিশু আশ্রয়কেন্দ্র পপুলেশন সার্ভিস এ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি)-র ২৯জন শিশু শিল্পী।

এ বিষয়ে নির্দেশক মামুনুর রশীদ গ্লিটজকে বলেন, “এরা সমাজের সুবিধাবঞ্চিত পথশিশু। সমাজ, রাষ্ট্রে অবদান রাখার মতো প্রতিভা যে এদের ভেতরেও রয়েছে, সেটা তুলে ধরাই হচ্ছে মূল উদ্দেশ্য।”

নাটকে একসঙ্গে চারটি চরিত্রে রূপদানকারী শিল্পী ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সানি বলেন, “আমরা আশ্রয়কেন্দ্রে নানা রকমের অনুষ্ঠান করি। সেখানে নাচ, গান ও নাটক হয়।”

নাটকের আরও দুজন অভিনয় শিল্পী সাহিদা ও নাসরিন জানিয়েছেন, তারা নিজেদের সংগঠনে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। কিন্তু টেলিভিশনের জন্য নির্মিত নাটকে অভিনয় করবেন এমন তারা কল্পনাও করেননি কখনও।

ত্রিশ মিনিট ব্যাপ্তির নাটক দুটি- রবীন্দ্রনাথের ডাকঘর ও তোতাকাহিনি গল্প থেকে নেওয়া। নাম যথাক্রমে আকাশকুসুম ও হীরামন।

এর আগে পথশিশুদের নিয়ে দুই মাসের একটি নাট্য-কর্মশালার আয়োজন করা হয়। নানা পেশার অর্ধশতাধিক পথশিশুর অংশগ্রহণে কর্মশালাটি পরিচালনা করেন নাট্যজন মামুনুর রশীদ। কর্মশালার সাফল্য হিসেবে নির্মিত হয় দুটি মঞ্চ নাটক। ওই মঞ্চ নাটক দুটিকেই এখন টেলিভিশন নাটকের উপযোগী করে নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন মামুনুর রশীদ।

নাটক দুটির নির্মাণ কাজ ১৫ জুনের মধ্যেই শেষ করে ৩০ জুনের মধ্যে বিশেষ প্রদর্শনীর আয়োজন করার কথা জানিয়েছেন প্ল্যান ইন্টারন্যাশনালের যোগাযোগ ও জনসংযোগ প্রধান টনি মাইকেল।

তিনি আরও জানিয়েছেন, ঈদের সময় প্রচারের উপলক্ষেই নাটকটি নির্মাণ করা হয়েছে।

পুরো আয়োজনে সার্বিক সহযোগিতা করছে আর্ন্তাজাতিক সেবা সংস্থা প্ল্যান ইন্টান্যাশনাল।