সালমানের বিপরীতে জ্যাকলিন
দীপিকা পাড়ুকনকে হটিয়ে সালমান খানের বিপরীতে‘কিক’ সিনেমায় জ্যাকলিন ফারনান্দেজ।
অবশেষে সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে ‘কিক’ সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী জ্যাকলিন ফারনান্দেজ। জানা গেছে দীপিকা পাড়ুকনকে হটিয়ে চরিত্রটিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। খবর জি মিডিয়া ব্যুরোর।
পরিচালক সাজিদ খানের সঙ্গে বিচ্ছেদের কারণে সম্প্রতি সংবাদ শিরোনামে আসার পর এবার সালমানের বিপরীতে ‘কিক’ সিনেমায় প্রধান চরিত্রটি বাগিয়ে নিয়ে আবারও শিরোনামে এসেছেন অভিনেত্রী জ্যাকলিন। এক প্রভাবশালী সংবাদমাধ্যম জানিয়েছে, দীপিকা পাড়ুকনের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে চরিত্রটিতে অভিনয় করার সুযোগ পেয়েছেন তিনি।
জানা গেছে, শাহরুখ খানের সঙ্গে বেশ কয়েকবার কাজ করার পর এবার সালমানের সঙ্গে অভিনয়ের ইচ্ছা ছিল দীপিকার। কিন্তু জ্যাকলিন তার সাম্প্রতিক সিনেমা ‘রেস টু’-তে দুর্দান্ত অভিনয় দেখিয়ে জিতে নিয়েছেন ওই সুযোগ।
এক সূত্র জানিয়েছে, সিনেমাটির পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা চরিত্রটির জন্য এমন কাউকে চাইছিলেন যিনি একটানা চার থেকে পাঁচ মাস কাজ করতে পারবেন।
জানা গেছে, সিনেমাটিতে কাজ করার জন্য ২৫ মে চুক্তিবদ্ধ হয়েছেন জ্যাকলিন।
