২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দাসের রানী’ চলচিত্রের ওয়েবসাইটের উদ্বোধন

হলিউডি চলচ্চিত্র ‘স্লাভ কুইন’ যার বাংলা নাম ‘দাসের রানী’র অফিসিয়াল ওয়েবসাইটের উদ্বোধন করা হয় ১৫ মে হলিউডে।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2013, 01:25 PM

Updated : 25 Apr 2022, 06:44 PM

হলিউডি চলচ্চিত্র ‘স্লাভ কুইন’ যার বাংলা নাম ‘দাসের রানী’র অফিসিয়াল ওয়েবসাইটের উদ্বোধন করা হয় ১৫ মে হলিউডে।

এ প্রসঙ্গে চলচ্চিত্রটির নির্মাতা মাসুদ আখন্দ বলেন “১৫ মে থেকে আমার পরিচালিত সিনেমা ‘দাসের রানী’র অফিসিয়াল ওয়েবসাইট http://www.slavequeenmovie.com/ সাধারণের জন্য ছেড়ে দেওয়া হল। সমস্ত আপডেটের জন্য বন্ধু ও সমর্থকদের এই সাইটটির সঙ্গে থাকতে অনুরোধ করছি।’

মাসুদ গ্লিটজকে আরও বলেন, “আমেরিকান টু লেগড ডগ প্রোডাকশনস সিনেমাটির প্রযোজনা করছে। আমরা ১১ মে নর্থ হলিউডে সিনেমাটির ট্রেইলরের শুটিং করেছি। এই মুহূর্তে এর সম্পাদনার কাজ চলছে। শীঘ্র এটি বাজারে ছাড়া হবে।”

সিনেমাটির পরবর্তী কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ‘সবার শুভ কামনায় ‘দাসের রানী’র কাজ দ্রুত এগিয়ে চলছে। সব ঠিক থাকলে আগস্ট-সেপ্টেম্বর সিনেমাটির বাকি কাস্টিং ও শুটিংয়ের কাজ করতে এ দেশে ফিরব।’

‘দাসের রানী’ বাংলাদেশি কোনো চলচ্চিত্র নির্মাতার প্রথম হলিউডি সিনেমা। এবং মাসুদ আখন্দ পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র।

এর গল্প এগিয়েছে একজন কিশোরীর জীবনের ঘটে যাওয়া সত্য ঘটনাকে কেন্দ্র করে।