লস এঞ্জেলেস, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-চন্দ্রজয়ী প্রথম মানব নেইল আর্মস্ট্রংয়ের মৃত্যুর পর তার সই করা একটি পোস্টকার্ড তিনগুণেরও বেশি দামে বিক্রি হয়েছে।
নিলামের আগে ‘টু স্টিভেন’ ঠিকানায় লেখা ফ্লোরিডার ভেরো বীচের তারিখবিহীন ওই পোস্টকার্ডটির দাম ধরা হয়েছিল ৭শ’ মার্কিন ডলার। কিন্তু নিলামে এটি বিক্রি হয়েছে ২,৩৮৪ মার্কিন ডলারে।
১৯৬৯ সালের জুলাইয়ে আমস্ট্রংয়ের চাঁদে ঐতিহাসিক অভিযানের পর বহুদিন ধরে তার অসংখ্য ভক্তকে দেওয়া অটোগ্রাফের মধ্যে রয়েছে এ পোস্টকার্ডও।
হৃদপিন্ডে অস্ত্রোপচার পরবর্তী জটিলতার কারণে গত ২৫ অগাস্ট ৮২ বছর বয়সে আর্মস্ট্রং মারা যান। গত শুক্রবার তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
“অ্যাপোলো ১১ মহাকাশযানের মতোই নেইল আর্মস্ট্রংয়ের অটোগ্রাফের দাম হয়ে যাচ্ছে আকাশছোঁয়া। মৃত্যুর কয়েকদিনের মধ্যেই তার সইয়ের মূল্য তিনগুণ বেড়েছে। আর সই করা ছবির দাম বেড়েছে দ্বিগুণ। আর্মস্টংয়ের সইয়ের নজিরবিহীন চাহিদা দেখা গেছে,” বলেন, নিলামকারী প্রতিষ্ঠান নেট ডি. স্যান্ডারস এর মালিক নেট স্যান্ডারস।
১৯৬৯ সালের ২০ জুলাইয়ে প্রথম মানুষ হিসাবে চাঁদের মাটিতে পা রাখেন নেইল আর্মস্ট্রং। তিনি ও তার সঙ্গী নভোচারী এডউইন অলড্রিন চাঁদের মাটির নমুনা সংগ্রহ করেন, ছবি তোলেন এবং বিভিন্ন পরীক্ষা চালান।
এ সময় তাদের সঙ্গী অপর নভোচারী মাইকেল কলিন্স ‘অ্যাপোলো ১১’ মহাকাশযানে ছিলেন। সেটিই ছিল আর্মস্ট্রংয়ের শেষ মহাকাশ অভিযান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২৩১২ঘ.
bdnews24