২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ জন্ম কমছে

যুক্তরাষ্ট্রে কমছে শ্বেতাঙ্গ জন্মহার। অর্ধেকেরও বেশি বেড়েছে সংখ্যালঘু বিভিন্ন জাতিগোষ্ঠীর শিশুর জন্ম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2012, 04:18 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

নিউইয়র্ক, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রে কমছে শ্বেতাঙ্গ জন্মহার। অর্ধেকেরও বেশি বেড়েছে সংখ্যালঘু বিভিন্ন জাতিগোষ্ঠীর শিশুর জন্ম। যুক্তরাষ্ট্রে সর্বশেষ আদমশুমারি থেকে এ তথ্য বেরিয়ে এসেছে বলে জানিয়েছে বিবিসি। এতে দেখা গেছে, গত বছর জুলাই পর্যন্ত কৃষ্ণাঙ্গ, হিসপানিক, এশিয়ান ও মিশ্র জাতিগোষ্ঠির শিশু জন্মের হার দাঁড়িয়েছে ৫০ দশমিক ৪ শতাংশে। যুক্তরাষ্ট্রে কমসংখ্যক অ-হিস্পানিক শ্বেতাঙ্গ শিশুর জন্ম এটাই প্রথম। সমাজবিজ্ঞানীদের ধারণা, অর্থনৈতিক মন্দার কারণে শ্বেতাঙ্গদের মধ্যে সন্তান নেওয়ার প্রবণতা কমেছে। যুক্তরাষ্ট্রের আদমশুমারি দপ্তরের তথ্য অনুযায়ী, ২০১১ সালের জুলাই পর্যন্ত সংখ্যালঘু জাতিগোষ্ঠীর ২০ লাখ ২ হাজার শিশু জন্ম নিয়েছে। এ সংখ্যা মোট শিশু জন্মহারের অর্ধেকের বেশি। ১৯৯০ সালে সংখ্যালঘু জাতিগোষ্ঠীর শিশুজন্মহার ছিল ৩৭ শতাংশ। যুক্তরাষ্ট্রে গত কয়েক বছরে জন্মহার কমেছে। আর তুলনামূলকভাবে শ্বেতাঙ্গদের মাঝেই এ হার বেশি কমছে। নিউ হ্যাম্পশায়ার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী কিনেথ জনসন জানিয়েছেন, ২০০৮ সাল থেকে শ্বেতাঙ্গ শিশু জন্মহার ১১ দশমিক ৪ শতাংশ হ্রাস পেয়েছে। অন্যদিকে, সংখ্যালঘু শিশু জন্মহার কমেছে ৩ দশমিক ২ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০৮ঘ.