কান, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দি ট্রি অব লাইফ চলচ্চিত্রের জন্য চলতি বছরের সোনালী পাম (পাম ডি 'ওর ) জিতে নিয়েছেন মার্কিন পরিচালক টেরেন্স মালিক।
রোববার ফ্রান্সের কান নগরীতে এ পুরস্কার ঘোষণা করা হয়।
দি ট্রি অব লাইফ- বাংলা তর্জমায় দাঁড়ায় জীবন বৃক্ষ। টেক্সাসের একটি পরিবারের জীবনের গল্পের মধ্যে দিয়ে আসলে জন্ম আর মৃত্যুর মাঝখানের এই জীবনটারই অর্থ খুঁজেছেন মালিক। আর এই অন্বেষণে নিজের নির্দেশনার পঞ্চম চলচ্চিত্রেই তিনি পেয়ে গেলেন সম্মানজনক এই পুরস্কার।
১১ মে এই উৎসব শুরুর পর থেকেই আলোচনায় ছিল ডেনমার্কের ছবি মেলানকোলিয়া। কিন্তু হিটলারের প্রতি সহানুভূতিশীল বক্তব্য দেওয়ায় এ ছবির পরিচালক লার্স ভন ত্রিয়েরকেই উৎসব থেকে বহিস্কার করা হয়।
ত্রিয়েরের সেই বেদনা কিছুটা হলেও লাঘব করতে পেরেছেন কিরস্টেন ডানস্ট। মেলানকোলিয়ায় অসামান্য অভিনয়ের জন্য এবারের কানে সেরা অভিনেত্রীর পুরস্কারটি কিরস্টেনের ঝুলিতেই গেছে।
দি আর্টিস্ট চলচ্চিত্রে অভিনয়ের জন্য এবার সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন জ্যঁ দুজারদেন। ওই ছবির মাধমে একুশ শতকের চলচ্চিত্রকে নির্বাক যুগে ফিরিয়ে নিয়েছেন এই ফরাসি অভিনেতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/০২৩২ ঘ.
bdnews24