ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঙ্ক রক সঙ্গীতশিল্পী পলি স্টাইরিন মারা গেছেন।
স্টাইরিনের অফিসিয়াল টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, "আমরা এ বিষয়টি নিশ্চিত করছি যে, সত্যিকারের যোদ্ধা পলি স্টাইরিন সোমবার সন্ধ্যায় ঊর্ধ্বলোকে যাওয়ার যুদ্ধে জয়ী হয়েছেন।"
এক্সরে স্পেক্স ব্যান্ড দলের প্রতিষ্ঠাতা ৫৩ বছর বয়সী এ শিল্পী মেরুদ- ও স্তন ক্যান্সারে ভুগছিলেন। বিবিসি জানায়, তার মূল নাম মারিয়ানে এলিয়ট-সাইদ।
প্রথম দিককার নারী পাঙ্ক সঙ্গীতশিল্পীদের মধ্যে অন্যতম পলির ভিন্নধর্মী স্টাইল ভীষণ প্রভাব তৈরি করেছিল।
পলির প্রতি শ্রদ্ধা জানিয়ে সঙ্গীত শিল্পী বিলি ব্র্যাগ বলেন, "পলি স্টাইরিন ও এক্সরে স্পেক্স ছাড়া পাঙ্ক রকের কথা চিন্তা করা যায়না।"
সেক্স পিস্তলস ব্যান্ডকে দেখে অনুপ্রাণিত হয়ে নিজের ১৮তম জন্মদিনে এক্সরে স্পেক্স গঠন করেন পলি। এরপর অপরিশীলিত কণ্ঠস্বর এবং ভোক্তার অধিকার প্রতিষ্ঠা ও পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে জোড়ালো ভূমিকা রাখায় জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।
এক্সরে স্পেক্স'র সিগনেচার টিউন 'ওহ বন্দাজ আপ ইউরস!' গানটির মাধ্যমে সামাজিক ও লৈঙ্গিক নিয়মকানুনকে জোড়ালোভাবে প্রত্যাখ্যান করা হয়।
দলের পক্ষ থেকে একটি মাত্র অ্যালবামই বের করা হয়। 'জার্ম ফ্রি অ্যাডলোসেন্টস' নামের অ্যালবামটি বের করা হয় ১৯৭৮ সালে। তবে তার তিনটি একক অ্যালব্যাম বের হয়েছে। এর মধ্যে সর্বশেষ অ্যালবাম বের হয় গত মাসে।
বিবিসি সিক্স মিউজিককে দেওয়া এক সাক্ষাৎকারে সেক্স পিস্তলসের সাবেক সদস্য গ্লেন ম্যাটলক বলেন, পাঙ্ক পুরুদের নিয়ে গঠিত ব্যান্ড দল ও রক সাংবাদিকতার মুখে 'ওহ বন্দাজ আপ ইউরস!' গানটি এক ধরনের চপেটাঘাত।
ম্যাটলক বলেন, "রক সঙ্গীতে স্থান করে নেওয়া নারীদের জন্য সবসময়ই কঠিন একটি বিষয়। বিশেষ করে ১৯৭০ এর দশকে এটি আরো কঠিন ছিলো। আর তিনি যা করেছেন তা সবসময়ই পাঙ্কের সত্যিকার বিষয়বস্তুকে তুলে ধরেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৩২ ঘ.
bdnews24