নিউ ইয়র্ক, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হলিউডের প্রয়াত তারকা এলিজাবেথ টেলরের অলংকার মঙ্গলবার নিউ ইয়র্কে রেকর্ড ১১ কোটি ৬০ লাখ মার্কিন ডলারে নিলাম হয়েছে।
নিলাম ঘর ক্রিস্টি মঙ্গল-বুধ দুদিনব্যাপী এ নিলামের আয়োজন করেছে। লিজ টেলরের ব্যবহৃত অলংকারগুলোর মধ্যে ৮০টি নিলামে তোলা হয়। এ সবক’টি অলঙ্কার ২ কোটি ডলারে বিক্রি হবে বলে ধারণা করা হচ্ছিলো।
কিন্তু নিলামে এক একটি অলংকারই বিক্রি হয়েছে প্রত্যাশার চেয়েও কয়েকগুণ বেশি দরে।
টেলরের ১৬ শতকের একটি মুক্তার হার সর্বোচ্চ ১ কোটি ১৮ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে।
হারটির মুক্তা লা পেরেগ্রিনা নামে পরিচিত। এক সময় ইংল্যান্ডের ম্যারি টিউডর এর মালিক ছিলেন। পরে তা স্পেনের রানি মার্গারিটা ও ইসাবেল এর মালিক হন। ১৯৬৯ সালে এক নিলাম থেকে টেলরের স্বামী বার্টন এটি কিনে নেন।
টেলরের অন্যান্য অলংকারের মধ্যে রিচার্ড বার্টনের দেয়া ৩৩ ক্যারেটের বিখ্যাত হীরার আংটিটি বিক্রি হয়েছে ৮৮ লাখ মার্কিন ডলারে।
এছাড়া, প্রয়াত এ তারকার বিভিন্ন রকম রতœ, সোনা ও হাতির দাঁতের অলংকারও নিলাম হয়েছে। চার ঘণ্টার নিলামে টেলরের এক একটি অলংকারের দাম অতীত সব রেকর্ড ভেঙে দিয়েছে।
এর আগে ১৯৮৭ সালে ডাচেস অফ ইউন্ডসরের অলংকার সমগ্র বিক্রি হয়েছিলো মাত্র ৫ কোটি মার্কিন ডলারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯০৮ঘ.
bdnews24