সিরাজগঞ্জ, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে যমুনায় শুক্রবার নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। বাইচ দেখতে জেলা সদরে যমুনার হার্ডপয়েন্ট এলাকায় লাখো মানুষের ঢল নামে।
কয়েকশ' ইঞ্জিন চালিত নৌকা চড়েও হাজার হাজার মানুষ নৌকাবাইচ উপভোগ করেন।
প্রতিযোগিতায় পানসি ও কোষা দুই গ্রুপেই প্রথম হয়েছে শাহজাদপুরের 'বাংলার বাঘ' দল।
বিভিন্ন উপজেলার ২টি গ্রুপে ৬টি পানসি ও ৭টি কোষা নৌকাবাইচে অংশ নেয়।
বাংলাদেশে রোইং ফেডারেশনের ব্যবস্থাপনায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রতিযোগিতার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক গোলাম রব্বানী।
বিকাল সাড়ে ৩টায় হার্ডপয়েন্টের উত্তর কাজিপুর নৌকাঘাট এলাকা থেকে প্রতিযোগিতা শুরু হয়ে হার্ডপয়েন্টের শেষ মাথা মতিন সাহেবের ঘাটে গিয়ে শেষ হয়।
পরিবারের সবাইকে নিয়ে নৌকাবাইচ উপভোগ করতে আসা সদর উপজেলার মাছুমপুর গ্রামের নজরুল ইসলাম জানান, প্রতিবছরই নৌকাবাইচ দেখার অপেক্ষায় থাকেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১৪৯ ঘ.
bdnews24