এবিএম ফজলুর রহমান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
পাবনা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তাঁেতর বিভিন্ন উপকরণের মূল্যবৃদ্ধির কারণে পাবনার সাঁথিয়া উপজেলার ছেঁচানিয়া গ্রামের বাবলু মিয়া ৫টি তাঁত বন্ধ করে দেন প্রায় ছয় মাস আগে।
তিনি ভেবেছিলেন তাঁতগুলো ঈদ মৌসুমে চালু করে আগের লোকসান কিছুটা পুষিয়ে নেবেন। কিন্তু সুতার আরেক দফা মূল্যবৃদ্ধির কারণে পুনরায় লোকসানের আশঙ্কায় ঈদ মৌসুমেও তিনি তাঁতগুলো চালু করতে পারেননি।
বাবলু মিয়া এখন মহাজনের ঋণ শোধ করার জন্য সবগুলো তাঁত বিক্রির চেষ্টা করছেন।
বাবলু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একেকটা তাঁতের দাম আট হাজার টাকা। অর্ধেক দামে বেচপ্যার চাইত্যাছি। তাও কেউ নেয়না। আর নিবিই বা কিডা ? গিরামের বেশিরভাগ তাঁতিই তো এখন তাঁত বেচার জন্যে উঠ্যা পড়্যা লাগিছে।"
বাবলু মিয়া ছাড়াও ছেঁচানিয়া গ্রামের রাসেল, আদিল, মোশাররফ হোসেনসহ অনেক তাঁতিই বিপর্যস্ত তাঁতশিল্পের কথা বলার জন্য এগিয়ে আসেন।
তাঁরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাঁতসমৃদ্ধ এই গ্রামে বছর খানেক আগেও হাজার চারেক তাঁত চালু ছিল। এখন হাজার দেড়েক তাঁত কোনোমতে চালু রয়েছে। সবার ধারণা ঈদের পর বাকি তাঁতগুলোও বন্ধ হয়ে যাবে।
ছেঁচানিয়া গ্রামের মতো একই চিত্র পাবনার বেড়া, সাঁথিয়া ও পাবনা সদর উপজেলার তাঁতসমৃদ্ধ অন্যান্য গ্রামের। বছর খানেক আগেও পাবনা সদর, বেড়া সাঁথিয়ায় প্রায় ৭০ হাজার তাঁত চালু ছিল। সুতা, রং, মাকু, সানাসহ বিভিন্ন তাঁতসামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে মাস ছয়েক আগে বন্ধ হয়ে যায় পাবনা জেলার কমপক্ষে ৪২ হাজার তাঁত।
তাঁতি মোশাররফ হোসেন বলেন, "ব্যাপক লোকসানের সম্মুখীন হয়ে ঋণের বোঝা মাথায় নিয়ে অনেক তাঁতিকে বাড়িঘর ছেড়ে পালিয়ে থাকতে হয়। তাঁতিরা ভেবেছিলেন, ঈদ মৌসুমে কাপড়ের চাহিদা ও দাম বাড়ে বলে এই সময়ে তাঁরা বন্ধ তাঁতগুলো আবারও চালু করবেন। কিন্তু সুতার অগ্নিমূল্যের কাছে তাঁদের সব স্বপ্ন শেষ হয়ে গেছে। বন্ধ তাঁত তো তারা চালু করতেই পারেননি বরং অনেকে চালু তাঁতও বন্ধ করে দিয়েছেন।"
সাঁথিয়ার আরেক তাঁতসমৃদ্ধ গ্রাম করমজা মধ্যপাড়ায় তাঁতের শব্দে আগে কানে তালা লেগে যেতো। অথচ ঈদ মৌসুম হওয়া সত্ত্বেও সেখানে গিয়ে সীমিত কিছু তাঁতের শব্দ পাওয়া গেছে।
এই গ্রামের একটি তাঁত কারখানার মালিক আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বছর খানেক আগেও তাঁর কারখানায় ২৪টি তাঁত চালু ছিল। অথচ ঈদ মৌসুম হওয়া সত্ত্বেও তিনি চালু রাখতে পেরেছেন মাত্র ১১টি তাঁত।
তিনি জানান, এ মহল্লার ৬ শ তাঁতের মধ্যে প্রায় সাড়ে তিন শ তাঁতই গত এক বছরে বন্ধ হয়ে গেছে।
আব্দুর রাজ্জাক বলেন, "ঈদ উপলক্ষে কাপড়ের দাম কিছুটা বাড়িছে। কিন্তু তার চায়াও বেশি বাড়িছে সুতার দাম। এজন্য বাজারে কাপর বেইচ্যা কোনো লাভের মুখই দেখত্যাছি না। শুধু শ্রমিকগরে রুটি-রুজির কথা চিন্ত্যা কইর্যা তাঁতগুল্যা চালু রাখছি। না হলি বন্ধ কইর্যা দিত্যাম।'
বেড়া পৌর এলাকার হাতিগাড়া মহল্লার একটি তাঁত কারখানার মালিক মো. গিয়াস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাঝখানে সুতার দাম কিছুটা কমেছিল। কিন্তু ঈদ মৌসুম আসতেই দাম আবার বেড়েছে।
তিনি বলেন, "আট-দশ মাস আগে যে সুতার দাম বান্ডিল প্রতি ১ হাজার ১ শ টাকা ছিল সেই সুতার দাম বেড়ে এখন হয়েছে ২ হাজার টাকা। অথচ ঈদের বাজারে প্রতিটি লুঙ্গিতে দাম বেড়েছে মাত্র ২০ থেকে ২৫ টাকা।
"এখন বাজারের যে অবস্থা তাতে কোনোরকমে উৎপাদন খরচ উঠছে। কোনো লাভ হচ্ছে না। কিন্তু ঈদের পর লুঙ্গিসহ কাপড়ের দাম পড়ে গেলে ব্যাপক লোকসান গুণতে হবে। তখন কোনো তাঁতই চালু রাখা আর সম্ভব হবে না।"
এদিকে তাঁতশিল্পের বিপর্যয়ে গত এক বছরে অনেক তাঁত মালিক ব্যাপক লোকসান গুণে ঋণে জর্জরিত হয়ে পড়েছেন। তাঁদের কেউ কেউ তাঁত এমনকি ঘরবাড়ি বিক্রি করেও মহাজনের ঋণ শোধ করতে পারেননি। একসময়ের তাঁত মালিক থেকে তাঁরা পরিণত হয়েছেন সাধারণ শ্রমিকে।
বেড়া উপজেলার সানিলা গ্রামের নূরুজ্জামান তেমনই একজন। গত বছরও তাঁর চালু তাঁত ছিল সাতটি। ঋণের টাকা শোধ করতে গিয়ে সবগুলো তাঁত বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন তিনি। এখন তিনি দৈনিক ১২০ টাকা পারিশ্রমিকে সাঁথিয়ার একটি তাঁত কারখানায় শ্রমিকের কাজ করেন।
নূরুজ্জামান বলেন, "একসময় তাঁত আমাগরে সুখ, টাকা-পয়সা সব দিছিলো। সে সময় অনেকেই আমাগরে বাড়িতে তাঁতের কাম করতো। অথচ আইজ আমাকেই অন্যের বাড়িতে কাম করতি হয়।"
তাঁতশিল্পের এমন বিপর্যয়ে পাবনা সদর, বেড়া ও সাঁথিয়া উপজেলায় গত কয়েক মাসে অন্তত ৬৫ হাজার তাঁতশ্রমিক বেকার হয়ে পড়েছে বলে জানা গেছে। যেসব তাঁতশ্রমিক এখনও এ পেশায় টিকে আছেন তাদের কাজ করতে হচ্ছে অত্যন্ত স্বল্প মজুরিতে।
শ্রমিকেরা জানান, কাজের ভিত্তিতে মজুরি হওয়ায় তাঁরা সারাদিন তাঁত বুনে ১০০ থেকে ১৪০ টাকার বেশি আয় করতে পারেন না।
করমজা গ্রামের তাঁতশ্রমিক বদরুজ্জামান বলেন, "আমাগরে মতো এত খাটনির কাম আর কোনো কামেই নাই। তারপরেও সারাদিন খাইট্যা ১২০ টাকার বেশি ভাগ্যে জোটে না। এখন আমরা মালিকগরেও মজুরি বাড়াব্যার কব্যার পারি না। কারণ, তাঁত চালাব্যার যায়া মালিকগরেই না খায়া মরার দশা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৪৫৭ ঘ.
bdnews24