খুলনা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুন্দরবনে বাঘের আক্রমণে এক জেলে নিহত হয়েছেন।
খুলনার কয়রা উপজেলার পাশে আলকীর দ্বীপ এলাকায় বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। শুক্রবার দুপুর ১টার দিকে লাশ উদ্ধার করা হয়।
নিহত জামাল সানা (৩২) কয়রা গ্রামের এবাদুল সানার ছেলে।
সুন্দরবন পশ্চিম বিভাগের সহকারী বন সংরক্ষক জহুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামালসহ বেশ কয়েকজন জেলে সুন্দরবনের বিভিন্ন খালে মাছ ধরতে যায়।
বৃহস্পতিবার গভীর রাতে সুন্দরবনের আলকীর দ্বীপ এলাকার একটি খালে মাছ ধরার সময় বাঘের কবলে পড়েন জামাল। বাঘের আক্রমণে জামালের শরীরের ছিন্নভিন্ন হয়ে গেছে।
অন্য জেলেরা তার লাশ উদ্ধার করে কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনে নিয়ে আসে।
কয়রা থানার ওসি মো. হুমায়ূন কবীর বলেন, মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে জামাল নিহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৩২ ঘ.
bdnews24