২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে নতুন সূর্য দেখার উৎসব

দল বেঁধে নতুন সূর্য দেখা, বনের সঙ্গে পরিচয়, টেলিস্কোপে আকাশ দেখা...নতুন বন্ধুত্ব...আরো অনেক কিছু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2009, 02:22 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---দল বেঁধে নতুন সূর্য দেখা, বনের সঙ্গে পরিচয়, টেলিস্কোপে আকাশ দেখা...নতুন বন্ধুত্ব...আরো অনেক কিছু। সুন্দরবনে এবারের সুর্যোৎসব আয়োজনকে সামনে রেখে এভাবেই পরিকল্পনার ছক বানিয়েছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোয়িশেন। আগামী বুধবার থেকে রোববার পর্যন্ত পাঁচ দিনের উৎসবসূচিও ঘোষণা করেছে অ্যাসোসিয়েশন। সুর্যোৎসবের এক দশক পূরণকে সার্থক করে তুলতে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। বিশ্ব ঐতিহ্যের অংশ ম্যানগ্রোভ বন সুন্দরবনে বছরের প্রথম সূর্যোদয় লগ্ন উদযাপনে ৩০ ডিসেম্বর ঢাকা থেকে যাত্রা শুরু হয়ে ৩ জানুয়ারি সকালে সুন্দরবনকে বিদায় জানিয়ে ঢাকায় ফেরা হবে। সোমবার জাতীয় প্রেসক্লাবে 'সুর্য উৎসব ২০১০' উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোয়িশনের সাধারণ সম্পাদক মশহুরুল আমিন জানান, এবারের উৎসবে রাতের বনভূমিতে শক্তিশালী টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণ, ক্যাম্পফায়ার, অ্যাডভেঞ্চারধর্মী প্রতিযোগিতা ও অ্যাডভেঞ্চার প্রিয়দের আড্ডা, বিজ্ঞান কর্মশালা, প্রদীপ ভাসিয়ে নতুন বছরকে বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নদীরবুকে জাহাজে রাত্রিবাসসহ অনেক কিছু থাকছে। ১৯৮৮ সাল থেকে অ্যাসোসিয়েশন দেশে জ্যোতির্বিজ্ঞান চর্চাকে জনপ্রিয় করার লক্ষ্যে কাজ করছে। এরই ধারাবাহিকতায় ২০০১ সাল থেকে আয়োজন করে আসছে সুর্য উৎসবের। প্রথমবার সেন্টমার্টিন্স-এর ছেড়াদ্বীপে পালিত হয় সুর্য উৎসব। পর্যায়ক্রমে সুন্দরবন, কেওক্রাডাং, নিঝুমদ্বীপ, তেঁতুলিয়া, বিরিশিরি, রাঙ্গামাটি, টাঙ্গুয়ার হাওড় ও খাগড়াছড়িতে এ উৎসবের আয়োজন করা হয়। মশহুরুল জানান, এবারের উৎসবে সর্বোচ্চ দু'শ' জন অংশ নিতে পারবে। চাঁদা ধরা হয়েছে জনপ্রতি সাত হাজার টাকা। আগ্রহীদের ২৯ ডিসেম্বরের মধ্যে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিস্থ অ্যাসোয়িশন অফিসে যোগযোগ করার অনুরোধ জানানো হয়েছে। সুন্দরবনে সূর্য উৎসব আয়োজনের বিষয়ে তিনি বলেন, " প্রকৃতির সঙ্গে, মানুষের সঙ্গে উৎসব করে দেশের জীববৈচিত্র্যের বিষয়ে সবাইকে সচেতন করাই আমাদের লক্ষ্য। প্রকৃতিকে ধ্বংস না করে, প্রাণীদের বিরক্ত না করেও ভ্রমণ, উৎসব করা যায়- এ বাণীটিই সবার কাছে পৌঁছে দিতে চাই।" থার্টি ফাস্ট নাইটে 'এলকোহল' গ্রহণের প্রবণতা দেখা যায়- এ মন্তব্য করে মশহুরুল আমিন বলেন, "আমরা উৎসবকে দেশীয় সংস্কৃতির মধ্যে রাখতে চাই। বছরের বিদায়টাকে উৎসবমুখর রাখতে মাদক নিষিদ্ধ করা হয়েছে।" সংবাদ সম্মেলনে উৎসব উপদেষ্টা আলফ্রেড খোকন, অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম আবু জাফর, উৎসব পরিচালক তৃষা সামীরা উপস্থিত ছিলেন। এবারের সূর্য উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই ও দেশের প্রথম অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২০১৯ ঘ.