২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অসীমে ডানা মেলার আনন্দ

চার বছরের হেনা একটি ঘুড়ি উড়িয়েছে। আর দেখেছে চারটি। এতে খুশি সে। আকাশটা যে তারও। কক্সবাজার সমুদ্র সৈকতে দ্বিতীয় জাতীয় ঘুড়ি উৎসবে আসতে পেরে হেনার মত জেলা কারাগারে কয়েদি মায়ের সঙ্গে থাকা বাকি ছয় শিশুও খুশি। তিন থেকে ছয় বছর বয়সী এ সাত শিশুর পোশাকে লেখা ছিল 'আকাশ আমারও'। সৈকতের সুগন্ধা পয়েন্টের মুক্ত আকাশে রঙের এ মেলা বসেছিল মঙ্গলবার বিকেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2009, 02:58 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

কক্সবাজার, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চার বছরের হেনা একটি ঘুড়ি উড়িয়েছে। আর দেখেছে চারটি। এতে খুশি সে। আকাশটা যে তারও। কক্সবাজার সমুদ্র সৈকতে দ্বিতীয় জাতীয় ঘুড়ি উৎসবে আসতে পেরে হেনার মত জেলা কারাগারে কয়েদি মায়ের সঙ্গে থাকা বাকি ছয় শিশুও খুশি। তিন থেকে ছয় বছর বয়সী এ সাত শিশুর পোশাকে লেখা ছিল 'আকাশ আমারও'। সৈকতের সুগন্ধা পয়েন্টের মুক্ত আকাশে রঙের এ মেলা বসেছিল মঙ্গলবার বিকেলে। অসীম আকাশে ডানা মেলার আনন্দ উৎসবে এ সাত শিশুকে নিয়ে এসেছিলেন কারা সুপার হেলাল উদ্দিন। কারাগারের চার দেয়ালের কথা ভুলে গিয়ে শিশুরা ঘুড়ি উড়িয়ে, ছবি তুলে উৎসবে মেতে উঠেছিল। কারা সুপার হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই শিশুরা অপরাধী মায়ের সাথে কারাগারে রয়েছে। তবে এরা অপরাধী নয়। তবুও এরা কারাগারের চার দেয়ালেই বন্দি থাকে। তাদের আনন্দ দেওয়ার জন্যই এ উৎসবে নিয়ে আসা।" বিকেল সাড়ে ৩টায় দুদিনের এ জাতীয় ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদ। উৎসবে শতাধিক প্রকারের হাজারের বেশি ঘুড়ি উড়বে। আর যে কেউ চাইলে ঘুড়ি উড়াতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা বেনু। তিনি বলেন, "পৃথিবীর বিভিন্ন দেশে কোন উৎসবকে সামনে রেখে ঘুড়ি উড়ানোর আয়োজন করা হয়। আমরা চাই পৌষ সংক্রান্তির দিনেই ঘুড়ি উৎসবটাকে প্রতিষ্ঠিত করতে। বেনু বলেন, "আমাদের দেশে নির্দোষ আনন্দের উপলক্ষ তেমন একটা পাওয়া যায় না। ঘুড়ি হলো মানুষের আনন্দের আদি উৎস। আমরা তাই কিশোর বেলার ঘুড়ি উড়ানোর স্মৃতিটাকে মনে রেখে আধুনিক ঘুড়ির সঙ্গে মানুষের পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করছি।" তিনি জানান, উৎসবে দেশের প্রচলিত জনপ্রিয় চারকোণা আকৃতির বাংলা ঘুড়ির সঙ্গে সঙ্গে বৈচিত্রপূর্ণ বেসাতি, ড্রাগন, ডেল্টা, বক্স, মাছরাঙা, ঈগল, ডলফিন, অক্টোপাস, সাপ, ব্যাঙ, মৌচাক, কামরাঙ্গা, গুবরে পোকা, আগুন পাখি, প্যাঁচা, ফিনিক্স, জেমিনি, চরকি লেজ, পাল তোলা জাহাজ, জাতীয় পতাকা ইত্যাদি ঘুড়ি উড়বে। ঘুড়ি উৎসবে যোগ দিয়েছেন দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক রাহাত খান ও বাংলাদেশ গ্র"প থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ম. হামিদ। রাহাত খান বলেন, "নাগরিক জীবনে আমাদের রমরমা আনন্দগুলো অনেকটাই হারিয়ে গেছে। ঘুড়ি উৎসবের মাধ্যমে সেই আনন্দটা আবার ফিরিয়ে আনার চেষ্টা চলছে।" নাট্য ব্যক্তিত্ব ম. হামিদ বলেন, "ঘুড়ি উৎসবে অসীমে ডানা মেলে দেওয়ার আনন্দ পাচ্ছি। আমরা তো আকাশে উড়তে পারি না। ঘুড়ি উড়িয়ে সেই আনন্দ নেওয়ার মজা অন্য রকম। আর ঘুড়ি কাটাকাটি তো আরও মজার।" উৎসবে চীনা কালচারাল কাউন্সিলর লি এর নেতৃত্বে তিন সদস্যের একটি দলও অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনার সঙ্গে ছিল চীনা সিংহ নৃত্য। বুধবার শেষ হবে উৎসব। শেষ দিনে সমুদ্র সৈকতে বালুর ম্যুরাল তৈরি, ঘুড়ি কাটাকাটি প্রতিযোগিতা, আধুনিক ঘুড়ি উড়ানো, ফানুস ও আলোকমালাসজ্জিত ঘুড়ি উড়ানো হবে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০৫৬ ঘ.