তাজমহল নিয়ে গান বাঁধছেন এ আর রহমান
জাতীয় সঙ্গীত আর দারিদ্র নিয়ে বিশ্বসঙ্গীত রচনার পরে এবার ভারতের সঙ্গীত প্রতিভা এ আর রহমান জাতিকে জাগিয়ে তোলার জন্য তাজ মহল নিয়ে নতুন গান বাঁধতে যাচ্ছেন। সপ্তমাশ্চর্যের তালিকায় রাখার জন্য তাজ মহলের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানিয়ে পরিচালিত এক প্রচারাভিযানের অংশ হিসেবে এই গান তৈরি করছেন তিনি। আইআই মিডিয়া কর্পোরেশন এই প্রচারাভিযানের উদ্যোগ নিয়েছে। খবর ভারতীয় একাধিক সংবাদ সংস্থার।
এ বছরের জুলাই মাসের ৭ তারিখে বিশ্বের সপ্তমাশ্চর্যের নতুন তালিকা প্রকাশের উদ্যোগ নিয়েছে সুইজারল্যান্ডের জুরিখের একটি সংস্থা। এই তালিকায় ভারতের তাজ মহল নাও থাকতে পারে বলে আশংকা দেখা দিয়েছে। তালিকায় থাকতে তাকে পেতে হবে কমপক্ষে ৩০ কোটি ভোট। আই মিডিয়া কর্পোরেশনের নির্বাহী পরিচালক ভরত কাপাডিয়া তাজমহলকে সপ্তমাশ্চর্যে জায়গা করে দেওয়ার জন্য তাই ব্যপক প্রচারণার উদ্যোগ নিয়েছেন যেন সবাই সপ্তমাশ্চর্যের তালিকায় তাজমহলকে রাখার জন্য ভোট দেয়। এ আর রহমানের গান এই প্রচারণায় বিশেষ ভুমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এ আর রহমান বলেন, “ তাজ আমার জন্য চিরকালই এক প্রেরণার উৎস। এটা শুধু মমতাজ মহল আর শাহাজানের মধ্যেকার ভালবাসার বিষয় নয়, এটা সর্বমানবের ভালবাসার নির্দশন। আমি মনে করি বিশ্বের সপ্তমাশ্চর্যের তালিকায় এর স্থান হওয়া উচিত। এর জন্য আমরা লড়াই করব।”
২১ মে শুরু হবে প্রচারাভিযান। এ জন্য এ আর রহমানের গান সম্বলিত মিউজিক ভিডিও টিভিতে দেখানো হবে। ভারতের ১৫টি শহরে এ উপলক্ষে কনসার্টেরও আয়োজন করা হবে।
এর আগে প্রাথমিক বাছাইয়ে যে ২১টি জিনিস স্থান পেয়েছে তালিকায় সেখানে তাজমহলের স্থান ছিল একেবারে শেষের দিকে। ফলে কাপাডিয়া আশংকা করছেন চুড়ান্ত তালিকায় তাজমহল বাদও পরে যেতে পারে।
কাপাডিয়া বলেন, “আমাদের পেতে হবে ৩০ কোটি ভোট। কিন্তু ভারতের মোবাইল ল্যান্ডলাইন ও ইন্টারনেটের সংযোগ সব মিলিয়ে ১৫ কোটির বেশি নয়।”
বিষয়টি নিয়ে খুবই উত্তেজিত এ আর রহমান। তিনি বলেন, “আমাদের হাতে সময় খুবই কম। গানটা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। গানের কিছু অংশ আমিও লিখেছি। এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা। ....আমি আমার সব কাজ ফেলে আমার যন্ত্রীদের নিয়ে ঝাঁপিয়ে পরেছি। আশা করছি আমাদের গান শুনলে দেশে বা দেশের বাইরে যে কোন ভারতীয় তাজমহলকে ভোট দিতে উদ্যোগী হবেন।”
তাদের প্রচারাভিযানে সাহায্য করার জন্য পর্যটন মন্ত্রণালয়ের কাছে ইতিমধ্যে আবেদন করেছেন কাপাডিয়া। “তারা এখনো চুড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে আমরা আশাবাদী।” জানিয়েছেন তিনি।
দি নিউ সেভেন ওয়ান্ডারস ফাউন্ডেশন (ঘ৭ড) এর আগে ভোটাভুটির ভিত্তিতেই ২১টি বিষয়বস্তু তালিকাভুক্ত করে। সেখানে মোট ভোটের মাত্র ১.৬ ভাগ ভোট পেয়েছিল তাজ মহল।
জুলাইয়ের ৬ তারিখ পর্যন্ত ওই ২১ টি স্থাপনার উপর ভোট গ্রহণ করা হবে অনলাইনে। তার ভিত্তিতে তৈরি করা হবে নতুন সপ্তম আশ্চর্যের তালিকা।
এন সেভেন ডব্লিউর তালিকায় যেসব স্থাপনার নাম রয়েছে তার মধ্যে আছে -- ভারতের তাজ মহল, চীনের মহাপ্রাচীর, জাপানের কিওমিজু মন্দির, পেরুর মাচু পিচু, জাপানের কিওমিজু, সিডনির অপেরা হাউজ, যুক্তরাষ্ট্রের দি স্ট্যাচু অফ লিবার্টি, প্যারিসের আইফেল টাওয়ার, মালির টিম্বুকুটু, মিশরের পিরামিড। এর মধ্যে মিশরের পিরামিডকে সপ্তমাশ্চর্যের তালিকায় এমনিতেই রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
এনসেভেনডব্লিউ ২০০১ সালে এই কর্মযজ্ঞ শুরু করে। ২০০৫ সালের শেষে সংস্থার প্যানেল ৭৭টি নমিনি থেকে ২১টি স্থাপনার তালিকা চুড়ান্ত করে। প্যানেলের সভাপতি এবং ইউনেস্কোর সাবেক মহাপরিচালক অধ্যাপক ফেদেরিকো মেয়র ২০০১ সালের ১ জানুয়ারি এই ২১ টি স্থাপনার নাম ঘোষনা করেন। জুলাইয়ের ৭ তারিখে পর্তুগালের রাজধানী লিসবনে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন সপ্তমাশ্চর্যের তালিকা ঘোষণা করা হবে।
বিশ্বজুড়ে অসংখ্য মানুষের ভোটে এই সপ্তমাশ্চর্য নির্বাচিত হলেও অতীতে সপ্তমাশ্চর্য ঘোষণা করেছিলেন একজন ব্যাক্তি। খৃষ্টপূর্ব ২০০ সালে বাইজান্টিয়ামের ফিলন ওই তালিকা ঘোষণা করেন। তার তালিকায় জায়গা পেয়েছিল যে ৭টি স্থাপনা সেগুলি হলো : আলেকজান্দ্রিয়ার লাইটহাউজ, আর্টেমিসের মন্দির, তাজমহল, ব্যাবিলনের শুন্যোদ্যান, হ্যালিকার্নাসাসের মোসলিয়াম, জিউসের মুর্তি ও মিশরের পিরামিড।
