২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িতেই কি বুড়ি?

বাংলায় একটা কথা আছে ‘কুড়িতেই বুড়ি’। অর্থাৎ মেয়েদের বয়স কুড়ি পার হওয়া মানেই বিয়ের বয়স পার হয়ে যাওয়া। অর্থনৈতিক শক্তি হিসাবে এশিয়ার বিভিন্ন দেশ মাথা তুলে দাড়ালেও সেখানকার তরুণীদের গায়ে সেঁটে দেওয়া হচ্ছে এরকম ‘বুড়ি’ এর লেবেল। কিন্তু কত বছর বয়সের আগে মেয়েদের বিয়ে না হলে তারা বুড়িয়ে যায়?

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2007, 06:18 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

সম্প্রতি ভারতীয় ব্যবসায়ী অরুন নায়ারের সঙ্গে অভিনেত্রী এলিজাবেথ হার্লির বিয়ে ভারতে বেশ আলোচনার ঝড় তুলেছে। হার্লিও বয়স এখন ৪১। এ নিয়ে অরুনের নিজের এলাকা যোধপুরে লোকের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে একটি কথা। এ রকম বুড়ি মেয়ে কীভাবে আবার বিয়ে বসতে পারে? তাদের মনে এরকম প্রশ্ন জাগাটা খুব একটা অস্বাভাবিকও না। কারন জাতিসংঘের সমীক্ষায় দেখা যায় ভারতীয় মেয়েদের প্রথম বিবাহ ১৮ থেকে ২৮ বছরের মধ্যেই হয়ে যায়। ইউরোপে এই বয়স ২৫ থেকে ৩০ এবং আমেরিকায় ২৬।

পারিবারিক প্রথা একেক অঞ্চলে একেক রকম। শক্ত পারিবারিক বন্ধন আছে এমন অঞ্চলের মেয়েরা স্বীকার করেছেন যে তাদের বয়স ২০ এর কাছাকাছি পৌঁছালেই তারা পরিবার থেকে বিয়ে করার ব্যাপারে চাপের সম্মুখীন হন।

প্রশ্ন উঠতেই পারে কখন একটা মেয়ে বিয়ে করবে? সমাজবিজ্ঞানীদের দাবি অনুযায়ী এটা আসলে নির্ভর করে শিক্ষা এবং পাবিবারিক আয়ের উপর। স্বল্প শিক্ষিত এবং কম আয়ের পরিবার দ্রুত তাদের মেয়েদের বিয়ের ব্যাপারে উৎসাহিত করে।

শুধু ভারতেই যে এই অবস্থা তা নয়। পাকিস্তান, আফগানিস্থান এবং বাংলাদেশেও মেয়েদের বিয়েটাকে একই চোখে দেখা হয়।

“ইন্দোনেশিয়ার জাভাতেও মেয়েদের বিয়ের একটা বয়স বেধে দেওয়া আছে। সেই বয়সের ভেতর তাকে বিয়ে করতে হবে, নইলে আইবুড়ো হিসাবে গণ্য হবে সে।” কথাগুলো ইন্দোনেশিয়ায় বসবাসরত চীনা মিতা ভালিমা লেইমের। কলেজ পড়ুয়া ২৮ বছর বয়স্ক মিতা এখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হননি।

মুসলমান প্রধান ইন্দোনেশিয়ার অনেক পরিবার মেয়ের বয়স ২৫ হলে ব্যাপক চিন্তিত হয়ে পড়েন। এবং ৩৫ বছরেও মেয়ের বিয়ে না হলে বিয়ের আশা ছেড়ে দেন।

ভিয়েতনামে ঐতিহ্যগতভাবে পারিবারিক বন্ধন খুবই শক্তিশালী। সেখানকার শহুরে মেয়েদেরও লক্ষ্য থাকে কলেজ শেষ করার পর পরই বিয়ে করে ফেলা এবং সেটা অবশ্যই ২৫ এর আগে। আর শহরের বাইরের মেয়েরা তারও আগেই বিয়ের পিড়িতে বসে পড়ে।

“দুর্ভাগ্যজনকভাবে এখনো ভিয়েতনামে অভিভাবকই সব। মেয়েদের মতামত সেখানে গৌন বিষয়।” নাম না প্রকাশ করার শর্তে জানালেন এক ভিয়েতনামি মহিলা, “আমি চাই আমার একটা সন্তান থাকুক কিন্তু সেখানে স্বামীর খুব একটা প্রয়োজন নেই। কিন্তু আমার বাবা মা সেটা পছন্দ করবেন না। তাই একদিন হয়তবা আমি আমার বাবা মায়ের পছন্দের একজনকে বেছে নেব যে হবে আমার সন্তানের পিতা।” 

একটা শক্তিশালী অর্থনৈতিক কাঠামোর কারনে সিঙ্গাপুরের অবস্থাটা অবশ্য ভিন্ন। সেখানে অনেক মেয়েই অনেক বেশী বয়সে বিয়ে করে।