হেমসওয়র্থ মাংস খাওয়া ছেড়েছিলেন কেন, জানালেন নাটালি পোর্টম্যান
নিরামিষভোজী হিসেবে পরিচিত হলিউড তারকা নাটালি পোর্টম্যানের সঙ্গে ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ চলচ্চিত্রে চুমুর দৃশ্যে অভিনয়ের আগে মাংস খাওয়া ছেড়েছিলেন ক্রিস হেমসওয়র্থ।
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সিনেমাটি বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে ৮ জুলাই; সপ্তাহান্তে বক্স অফিসে আয় করেছে ৩০ কোটি ডলার।
সিনেমাটি নিয়ে আলোচনার মধ্যে যুক্তরাজ্যের ক্যাপিটাল এফএমকে দেওয়া এক সাক্ষাৎকারে অস্কারজয়ী অভিনেত্রী পোর্টম্যান জানালেন, নিরামিষভোজী হিসেবে তার প্রতি সম্মান জানিয়ে হেমসওয়র্থ চুমুর দৃশ্য ধারণের আগে মাংস খাওয়া থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন।
ভ্যারাইটি জানিয়েছে, ভোজনরসিক হিসেবে ক্রিস হেমসওয়র্থের খাদ্যতালিকায় সবার উপরে থাকে মাংস; ঘণ্টায় ঘণ্টায় তার মাংস খাওয়ার নজির থাকার কথা জানিয়েছেন পোর্টম্যান। বিশেষ করে বুনো মহিষের মাংস বেশ পছন্দ করেন অস্ট্রেলিয়ান তারকা হেমসওয়র্থ।
পোর্টম্যান বলেন, “যেদিন চুমুর দৃশ্যের শুটিং ছিল, সেদিন সকাল থেকেই কোনো মাংস খাননি ক্রিস; বিষয়টি এমন নয় যে আমি রাগ করব, কিন্তু বিষয়টি নিয়ে তিনি চিন্তা করেছেন। তিনি দারুণ একজন মানুষ।”
থর অ্যান্ড থান্ডার সিনেমার সহশিল্পী টেসা টম্পসন বলেন, “ক্রিস মাংস না খেয়ে থাকতে পারেন- এটা জানা ছিল না। তিনি রোজ সকালে বুনো মহিষের মাংস খেতে পছন্দ করেন। বিষয়টি (মাংস না খাওয়া) দারুণ।”
এ সিনেমায় আরও অভিনয় করেছেন ক্রিশ্চিয়ান বেল; পরিচালনা করেছেন তাইকা ওয়াতিতি।
