ঢাকায় মুক্তি পাচ্ছে ‘জুরাসিক ওয়ার্ল্ড: ডমিনিয়ন’
আন্তর্জাতিকভাবে মুক্তির দিনেই ঢাকায় মুক্তি পাচ্ছে জুরাসিক সিরিজের নতুন সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড: ডমিনিয়ন’।
১০ জুন ঢাকার স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে; রোববার থেকে অনলাইনে অগ্রিম টিকিট শুরু হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
কলিন ট্রেভরো পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন ক্রিস প্র্যাট, ব্রিস ডালাস হাওয়ার্ড, স্যাম নিল, লরা ডার্ন ও জেফ গোল্ডব্লামসহ আরও অনেকে।
১৯৯৩ সালের ১১ জুন মুক্তি পেয়েছিল স্টিভেন স্পিলবার্গের ছবি ‘জুরাসিক পার্ক’; সিনেমায় প্রাগৈতিহাসিক, অতিদানবীয়দের পর্দায় দেখে শিহরিত হয়েছিল দর্শকরা। এরপর দুই দশকে জুরাসিক সিরিজের পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে।
২০২০ সালের ফেব্রুয়ারিতে সিরিজের ষষ্ঠ সিনেমা হিসেবে ‘জুরাসিক ওয়ার্ল্ড: ডমিনিয়ন’-এর শুটিং শুরু হয়েছিল। মাঝে করোনাভাইরাস মহামারীর কারণে দৃশ্যধারণ বন্ধ ছিল। ২০২০ সালের জুলাইয়ে পুনরায় কাজ শুরু হয়।
ইতোমধ্যে সিনেমার প্রায় ৩ মিনিটের একটি ট্রেইলারের প্রকাশ করা হয়েছে। ট্রেইলারে দেখা গেছে,শীতকালীন তন্দ্রায় ঘুরে বেড়াচ্ছে অতিকায় ডায়নোসররা। জলে-জঙ্গলে-আকাশেও তারা ছড়িয়েছে তাদের ত্রাস।
তবে তার সাথে মানুষের সহাবস্থানের সংকট নিয়েই যে গোটা গল্পটা ঘুরছে তার আভাস আগাগোড়া স্পষ্ট।
