২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রযোজক সমিতির ভোটাধিকার হারালেন শাকিব খান

ঢাকাই সিনেমার প্রযোজকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচনের আগে চিত্রনায়ক, প্রযোজক শাকিব খানের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2022, 09:29 PM

Updated : 02 Aug 2022, 03:11 PM

প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টিআইএন সার্টিফিকেটসহ কিছু কাগজপত্র জমা না দেওয়ায় শাকিব খানের নাম প্রাথমিক ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।

গত বছরের মার্চে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির কমিটি বিলুপ্ত করে ‍বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব নুরুল হককে প্রশাসক হিসেবে বসানো হয়েছে। আগামী ২১ মে এফডিসিতে প্রযোজক সমিতির নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রশাসক।

ভোটের আগে ভোটাধিকার ফিরে পেতে আপিল করার সুযোগ আছে প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মসের প্রতিষ্ঠাতা শাকিবের; ৩১ মার্চের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে চূড়ান্ত ভোটার তালিকায় তার নাম উঠতে পারে বলে জানিয়েছে প্রযোজক সমিতি।

বিষয়টি নিয়ে শাকিব খান কিংবা তার প্রযোজনা প্রতিষ্ঠানের কোনো বক্তব্য পাওয়া যায়নি; শাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন।

২০১৪ সালে যাত্রা শুরুর পর এস কে ফিল্মসের প্রযোজনায় ‘হিরো: দ্য সুপারস্টার’, ‘পাসওয়ার্ড’সহ বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে।