হঠাৎ দেশ ছেড়েছিলেন কেন, জানালেন কাজী মারুফ
প্রথম সিনেমা ‘ইতিহাস’ এ অভিনয় করে আলোচনায় আসার পর বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমায় কাজ করেছেন চিত্রনায়ক কাজী মারুফ; কিন্তু চলচ্চিত্রের ক্যারিয়ার দীর্ঘ না করে বছর পাঁচেক আগে যুক্তরাষ্ট্রে থিতু হন তিনি।
সোমবার নিজের ইউটিউব চ্যানেল থেকে লাইভে অংশ নেন চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াতের ছেলে মারুফ। প্রশ্নোত্তর পর্বে ‘হঠাৎ দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে গেলেন কেন?-এক ভক্তের এমন প্রশ্নের জবাবে মারুফ জানান, তিনি বাংলাদেশ থেকে ‘দুঃখ পেয়ে’ যুক্তরাষ্ট্রে চলে যান।
তার ভাষ্যে, “বাংলাদেশে তখন সিনেমা হচ্ছিল না। বাংলাদেশে থাকলে কিছু করে খেতে হবে। সিনেমা বানালে লোকসান হত। ‘ছিন্নমূল’ সিনেমা রিলিজের তিন মাস আগে ১৪ ফেব্রুয়ারি (২০১৬) মুক্তির ডেট নিয়েছিলাম। একটি বড় নির্মাতা প্রতিষ্ঠান সিনেমাটি আসতে দেয়নি।
সঙ্গে আরও একটি কারণ তুলে ধরেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেতা।
“দেশেই বিয়ে করেছি, বাচ্চা হয়েছে। একদিন বাচ্চাকে নিয়ে হাসপাতালে যাই। তাকে এমনভাবে স্যালাইন দেওয়া হচ্ছিল, সেটা নিতে পারছিলাম না। সেদিনই বলেছিলাম, আমার ওয়াইফকে নিয়ে এই সপ্তাহেই চলে যাব।”
স্ত্রী রাইসা ও মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রেই থিতু হয়েছেন মারুফ; সেখানে ব্যবসা করছেন। পাশাপাশি ‘গ্রিন কার্ড’ নামে একটি সিনেমা নির্মাণ করেছেন। শিগগিরই সেটি মুক্তি দেবেন।
দুঃখ নিয়ে দেশ ছাড়লেও দেশের জন্য বিশেষ করে বাবা ও মায়ের জন্য তার খারাপ লাগে বলে জানান মারুফ। কয়েক মাস আগে কাজী হায়াৎ অসুস্থ হলে দেশে এসেছিলেন মারুফ।
বাবার সিনেমা ‘ইতিহাস’ এ অভিনয়ের সুবাদে ২০০২ সালে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মারুফ। পরে ‘অন্ধকার’, ‘ক্যাপ্টেন মারুফ’, ‘রাস্তার ছেলে’, ‘দেহরক্ষী’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় কাজ করেন তিনি।
