২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় এসে বাংলা গানে নাচলেন সানি লিওনি

ঢালিউডের একটি চলচ্চিত্রের শুটিংয়ের ‘ওয়ার্ক পারমিট’ বাতিল হওয়ার পর ভ্রমণ ভিসায় ঢাকায় এসে এক বিয়ের আয়োজনে নাচলেন বলিউড তারকা সানি লিওনি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2022, 11:54 AM

Updated : 25 Oct 2022, 10:18 AM

শনিবার রাতে গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও চেয়ারপারসন ফারজানা মুন্নীর মেয়ের বিবাহোত্তর সংবর্ধনায় বাংলা গান ‘দুষ্টু পোলাপান’ এর সঙ্গে নাচতে দেখা গেছে এ অভিনেত্রীকে।

তার পরিবেশনার কয়েকটি ভিডিও এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে বিয়ের জমকালো আয়োজনে কণ্ঠশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশীর গাওয়া গানের তালে সানি লিওনিকে নাচতে দেখা গেছে। ঢাকার বেশ কয়েকজন শিল্পী এবং আমন্ত্রিত অতিথিদের অনেকেই সানির সঙ্গে নাচে যোগ দিয়েছেন।

প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডসের ব্যানারে গত বছরের ডিসেম্বরে ‘দুষ্টু পোলাপান’ গানটি প্রকাশ হয়; সেই মিউজিক ভিডিওতেও মডেল হয়েছেন সানি।

আলোচনার মধ্যে সানি লিওনি ঢাকায়  

কী কাজে ঢাকায় এলেন সানি লিওনি  

এছাড়া কৌশিক হোসেন তাপসের গাওয়া ‘লাভলি অ্যাক্সিডেন্ট’ শিরোনামে আরেকটি বাংলা গানেও অভিনয় করতে দেখা গেছে এই বলিউড তারকাকে।

স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে শনিবার বিকালে ঢাকায় নামেন সানি। পরে ঢাকার  তিনশ ফুট এলাকায় শেফ টেবিল কনভেনশন হলে তাপস-মুন্নী দম্পতির মেয়ে নাজিশ আরমানের বিবাহোত্তর সংবর্ধনায় যোগ দেন তিনি।

Image
ছবি: ফেইসবুক থেকে।

ছবি: ফেইসবুক থেকে।

‘সোলজার’ নামে একটি সিনেমায় অভিনয়ের জন্য সানি লিওনির ঢাকায় আসার অনুমতি (ওয়ার্ক পারমিট) বাতিল করেছিল সরকার। যার অর্থ, সেই সিনেমায় শুটিংয়ের জন্য বাংলাদেশে আসার অনুমতি পাননি তিনি। তবে অন্য কোনো কাজে ভিসা পেলে বাংলাদেশে আসতে বাধা নেই।

শুক্রবার তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ জানান, ‘পরিচিত নাম লুকিয়ে’ মার্কিন পাসপোর্ট দিয়ে ওয়ার্ক পারমিটের আবেদন করায় তা করা বাতিল হয়। তার দুই দিনের মাথায় ঢাকায় এসে আলোচনার জন্ম দেন এ অভিনেত্রী।

সানি লিওনির ঢাকায় আসার খবরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানায়, তিনি কোনো ‘ওয়ার্ক পারমিট’ নিয়ে ঢাকায় আসেননি। যেহেতু ভ্রমণ ভিসায় পারিবারিক আয়োজনে এসেছেন, সেহেতু সফরকালে কোনো চলচ্চিত্র কিংবা বিজ্ঞাপনের শুটিং করতে পারবেন না।