মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রামাণ্যচিত্র উৎসব
ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে মার্চে শুরু হচ্ছে পাঁচদিন ব্যাপি ‘মুক্তি ও মানবাধিকার বিষয়ক প্রামাণ্যচিত্র উৎসব’।
করোনাভাইরাস পরিস্থিতির ‘উন্নতি ঘটায়’ ১১ থেকে ১৫ মার্চ পর্যন্ত মুক্তিযুদ্ধ জাদুঘরের মূল মিলনায়তনে দর্শকদের নিয়ে এ উৎসবের আয়োজন করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে দুই হাজারেও বেশি সংখ্যক ছবি জমা হয়েছিল, সেখান থেকে নির্বাচিত ১৪০টি সিনেমা প্রদর্শিত হবে।
প্রতিদিন চারটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি অনলাইনেও নির্বাচিত ছবিসমূহ প্রতিদিন স্ট্রিমিং করা হবে।
এতে বিচারক হিসেবে থাকছেন- জার্মান প্রবাসী বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা শাহিন দিল রিয়াজ আহমেদ, শিল্পী ও শিল্প সমালোচক মোস্তফা জামান ও অভিনয় শিল্পী বন্যা মির্জা।
পাকিস্তানি প্রামাণ্যচিত্র নির্মার্তা আম্মার আজিজ, নিউজিল্যান্ডের ডকএজ প্রামাণ্যচিত্র উৎসবের পরিচালক এলেক্স লি ও যুক্তরাজ্যের প্রামাণ্যচিত্র উৎসব শেফিল্ড ডকফেস্টের মিতা সুরি।
উৎসবের সমাপনী দিন বিকেলে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার বিজয়ী প্রামাণ্যচিত্রের নাম ঘোষণা করা হবে। জাতীয় পর্যায়ের ছবির জন্য এক লাখ টাকা ও আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য এক হাজার মার্কিন ডলার পুরস্কার প্রদান করা হবে।
পাঁচ দিনের এ উৎসবে অনলাইনে টিকেট সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে। প্রতি শোর টিকিটের মূল্য ২০ টাকা।
পাশাপাশি তরুণ চলচ্চিত্র নির্মাতা, শিক্ষার্থী, সংবাদকর্মীদের জন্য অনলাইনে অ্যাক্রডিটেশনের মাধ্যমে ছবি দেখার ব্যবস্থা করা হয়েছে।
