২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তি পাচ্ছে মারমা ভাষায় নির্মিত সিনেমা ‘গিরিকন্যা’

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মারমা ভাষায় নির্মিত সিনেমা ‘গিরিকন্যা’ মুক্তি পাচ্ছে শুক্রবার।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2022, 06:15 PM

Updated : 02 Aug 2022, 02:59 PM

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে শুক্রবার সন্ধ্যা ৬টায় সিনেমার এ সিনেমার উদ্বোধনী প্রদর্শনী হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রদর্শনীতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার পদের অধ্যাপক মুনতাসীর মামুন।

পার্বত্য জেলা বান্দরবানের মারমা জনগোষ্ঠীর প্রবীণ চিকিৎসক মং উষা থোয়াইয়ের গল্প অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা প্রদীপ ঘোষ।

গত বৃহস্পতিবার বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে সিনেমাটি সেন্সর সনদ পেয়েছে বলে জানান সেন্সর বোর্ডের উপ-পরিচালক মমিনুল হক।

নির্মাতা প্রদীপ ঘোষ বলছেন, “আমার জানা মতে, এটি প্রথম মারমা ভাষায় নির্মিত কোনো চলচ্চিত্র; যা সেন্সর সার্টিফিকেট পেল।”

২০১৯ সালে সিনেমাটি নির্মাণে হাত দেন প্রদীপ; এতে মারমা জনগোষ্ঠীর জীবনযাত্রার পাশাপাশি বনদস্যুদের হাত থেকে পরিবেশ রক্ষার কথাও উঠে এসেছে।

নির্মাতা বলেন, “আমাদের দেশে যে সব জনজাতিগোষ্ঠী আছে, তাদের মাতৃভাষাকে শ্রদ্ধা ও সম্মান জানাতেই আমাদের এই কর্মপ্রয়াস। বাঙালি জাতি মায়ের ভাষার জন্য রাজপথে রক্ত দিয়ে প্রমাণ করেছে, সব মানুষের মাতৃভাষার অধিকার সমুন্নত রাখা রাষ্ট্রেরই দায়িত্ব।

“পাকিস্তানী শাসকরা বাংলা ভাষার প্রশ্নে যখন গুলি চালিয়েছে, সে রক্ত-স্রোত আজ বিশ্বের সকল প্রান্তে পৌঁছে গেছে। আমাদের ভুখণ্ডে যে সকল ভাষার অস্তিত্ব আছে সেই সব মানুষের মায়ের ভাষাকে সম্মান জানানোর জন্য ‘গিরিকন্যা’ একটি উদ্যোগ মাত্র।”

প্রায় এক ঘণ্টা দৈর্ঘ্যের এ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মারমা জনগোষ্ঠীর সদস্যরা।

প্রদর্শনীতে আলোচক হিসেবে থাকবেন জহির রায়হান ফিল্ম ইন্সটিটিউটের সভাপতি শংকর সাওজাল ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক কামালউদ্দিন আহমেদ।