আইনে স্নাতক ডিগ্রি নিলেন নুসরাত ফারিয়া
ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি নিলেন চিত্রনায়িকা, গায়িকা নুসরাত ফারিয়া।
মঙ্গলবার সন্ধ্যায় এক ফেইসবুক পোস্টে ফারিয়া যুক্তরাজ্যের এ বিশ্ববিদ্যালয়ের ‘ব্যাচেলর অব ল’ ডিগ্রি পাওয়ার কথা জানান। তিনি পেয়েছেন দ্বিতীয় বিভাগ।
২০১৮ সালে ভর্তির চার বছর পর এ ফল নিয়ে স্নাতক সম্পন্ন করলেন তিনি; আগামীতে বার কাউন্সিলের পরীক্ষার দেওয়ার পরিকল্পনা আছে তার।
ভক্তদের সুখবরটি জানিয়ে ফেইসবুক পোস্টে ফারিয়া লেখেন, “আল্লাহ আমার প্রার্থনা শুনেছেন। আজ আমার ও পরিবারের জন্য আনন্দঘন একটি দিন। এ যাত্রা সফল করার জন্য শিক্ষকদের ধন্যবাদ জানাই; আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমার জন্য প্রার্থনা করবেন।”
ছবি: ফেইসবুক থেকে।
সম্প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিতব্য ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের দৃশ্যধারণ শেষ করলেন তিনি; সিনেমায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন ফারিয়া।
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য বড় আয়োজনের সিনেমাটি পরিচালনা করছেন শ্যাম বেনেগাল।
নুসরাত ফারিয়ার ক্যারিয়ার শুরু হয় রেডিও জকি ও উপস্থাপক হিসেবে। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘আশিকী’ চলচ্চিত্রের মধ্য দিয়ে নায়িকা হিসেবে আবির্ভূত হন তিনি।
এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘বস-টু’, ‘ধ্যাততেরিকি’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন ফারিয়া।
চলচ্চিত্রের পাশাপাশি গানেও সরব ফারিয়া। ‘পটাকা’ ‘আমি থাকতে চাই’ ও ‘হাবিবি’সহ কয়েকটি গানে কণ্ঠ দেন তিনি।
