২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোধনের ‘পথে পথে বিজয়-গাথা’

একটি ট্রাককে ভ্রাম্যমাণ মঞ্চে রূপান্তর করে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন স্থানে 'পথে পথে বিজয়-গাথা’ শিরোনামে মাসব্যাপী পথ আয়োজনের সূচনা করেছে চট্টগ্রামের বোধন আবৃত্তি পরিষদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2021, 10:13 PM

Updated : 02 Aug 2022, 06:41 PM

শুক্রবার সকালে নগরীর নিউ মার্কেট মোড়ে বীর মুক্তিযোদ্ধা অমল মিত্র এ আয়োজনের সূচনা করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়িয়েছেন, যুদ্ধ করেছেন; সেই চেতনাকে ধারণ করেই এ আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

অমল মিত্র বলেন, “স্বাধীনতার আলোকবর্তিকা জ্বলজ্বলে রাখতে এবং স্বাধীনতার সূর্যোদয়ের শিখা অম্লানে সমুন্নত রাখতে আমাদের সজাগ থাকতে হবে।”

এ সময় স্বাধীনতাযুদ্ধে শহীদদের অকাতরে আত্মদানের গৌরবগাথা এ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়ারও আহ্বান জানান তিনি।

আয়োজনের শুরুতে কথা ও কবিতায় অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক আবৃত্তিশিল্পী রাশেদ হাসান।

কণ্ঠে কবি সৈয়দ শামসুল হকের ‘নুরুল দিনের সারাজীবন’ কবিতার নাট্যরূপ তুলে ধরেন নাট্যজন সুচরিত চৌধুরী।

আবৃত্তিশিল্পী সঞ্জয় পালের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম'র সাংগঠনিক সম্পাদক গৌতম চৌধুরী। এরপর উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা গান পরিবেশন করেন।

এরপর নগরীর সিআরবি সাতরাস্তার মোড়ে একই মঞ্চে কথামালায় অংশ নেন শিক্ষাবিদ প্রফেসর হোসাইন কবির, দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক প্রণব বল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম ব্যুরো প্রধান মিন্টু চৌধুরী।

অনুষ্ঠানে আবৃত্তি করেন ইসমাঈল সোহেল, জসীম উদ্দীন, সেউঁতি মজুমদার, সুনিপুন সেনগুপ্ত।

এ সময় উপস্থিত ছিলেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সহ-সভাপতি সুবর্ণা চৌধুরী, আবৃত্তিশিল্পী বিপ্লব কুমার শীল, মৃন্ময় বিশ্বাস, অনুপম শীল প্রমুখ।

পরে নগরীর সিটি গেইট  ও কর্ণেল হাট নু্রুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় সন্মুখে বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদ চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক টুন্টু দাশ বিজয় সেই একাত্তরের অপশক্তির ন্যাক্কারজনক উত্থান রুখে দেওয়ার ইতিহাস তুলে ধরেন।

এ পর্বে মুক্তির গান পরিবেশন করেন ঈশা দে দীপান্বিতা দেবী, পড়শী ধর, উৎপল চন্দ্র নাথ। এরপর বোধনের আবৃত্তিশিল্পীরা পাহাড়তলী বধ্যভূমিতে বাংলার বীরসন্তানদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করেন।

এদিন শেষে নগরীর চেরাগীপাহাড় মোড়ে  স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপনে উপ পরিবেশনায় পথে পথে বিজয়- গাথা তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক এম নওশের আলী খান, কামরুল হাসান বাদল,  রিয়াজ হায়দার চৌধুরী।

সারাদিন বোধন আবৃত্তি পরিষদের আবৃত্তিশিল্পীরা ট্রাকে করে গান-কবিতা-কথামালায় অংশ নেন বোধনসহ বিভিন্ন রাজনৈতিক, সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।