মাহি বাইক চালানো শিখতে গিয়ে...
মহামারীর মধ্যে কোনো চলচ্চিত্রের শুটিং না থাকায় অখণ্ড অবসরে মোটক বাইক চালানো শিখে ফেললেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি।
রাজধানীর বনশ্রী এলাকার একটি প্রশিক্ষণ কেন্দ্রে কয়েকদিনের প্রচেষ্টায় বাইক চালানো শেখার একটি ভিডিও ফেইসবুক পেইজে প্রকাশ করেছেন ‘অগ্নি’ নায়িকা।
ফেইসবুক পোস্টে তিনি বলছেন, বাইক চালানো শিখতে গিয়ে তিন বারের মতো আছাড় খেয়েছেন তিনি, তবু হাল ছাড়েননি।
বাইক চালানো পুরোপুরি রপ্ত করে মাহিকে গলির রাস্তা ছেড়ে প্রশস্ত রাস্তা ধরে এগিয়ে যেতে দেখা গেছে ভিডিওতে।
বাইক চালানোর শেখার আনন্দে হেলমেট ছাড়াই রাস্তায় বাইক চালাতে দেখা গেছে তাকে।
পরবর্তীতে দর্শকদের সতর্ক করে তিনি বলেন, হেলমেট ছাড়া বাইক চালানো ঠিক না।
ভিডিওর শেষভাগে হেলমেটসহ পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী পরিহিত অবস্থায় তাকে বাইক চালাতে দেখা গেছে।
২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে রাজশাহীর মেয়ে মাহির।
পরবর্তীতে ‘অগ্নি’, ‘কী দারুণ দেখতে, ‘দবির সাহেবের সংসার’, ‘অনেক সাধের ময়না’, ‘ঢাকা অ্যাটাক’সহ বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।
