সাংবাদিক রোজিনার পক্ষে সরব ফারুকী, জয়া, চঞ্চল, শাকিব খান
সাংবাদিক রোজিনা ইসলামকে 'হেনস্তার' প্রতিবাদ ও গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, শাকিব খানসহ বেশ কয়েকজন অভিনয়শিল্পী ও নির্মাতা।
সাংস্কৃতিক অঙ্গনের এই তারকারা সোশাল মিডিয়ায় সরব হয়ে রোজিনার মুক্তির দাবি তুলেছেন।
সরকারি নথি ‘চুরির চেষ্টার’ অভিযোগ তুলে সোমবার সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের এক কর্মকর্তার কক্ষে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা আটকে রাখা হয়েছিল প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনাকে।
পরে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয় এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দণ্ডবিধির কয়েকটি ধারায় তার বিরুদ্ধে মামলা করে স্বাস্থ্যসেবা বিভাগ। ওই মামলায় এই সাংবাদিক এখন কারাগারে।
স্বাস্থ্য খাতে দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশের কারণে রোজিনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আক্রোশের শিকার হয়েছেন বলে তার সহকর্মীদের দাবি।
চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ফেইসবুকে লিখেছেন, “কালকের ঘটনাটার মাঝে এক ধরনের মস্তানির ভাব আছে! সাংবাদিক সমাজের উচিত এই বাড়াবাড়ি বা মস্তানির ঘটনায় যারা জড়িত তাদের সবার বিচার নিশ্চিত করতে সোচ্চার থাকা।…”
রোজিনার মুক্তি দাবিতে বুধবার দিনভর নানা কর্মসূচি পালন করেছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।
রোজিনাকে ‘হেনস্তার’ ঘটনাকে বাংলাদেশের ‘বাক স্বাধীনতায় হস্তক্ষেপ’ বলে বর্ণনা করে জয়া আহসান লিখেছেন, “রোজিনা সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়েছিলেন, সিঁধ কাটতে নয়। দেখতে পেলাম হেনস্তার শিকার হয়ে তিনি মাটিতে পড়ে যাচ্ছেন। এই আমাদের আচরণ! এই আমাদের সভ্যতা!
“রোজিনার গলার ওপর চেপে বসা আঙুলগুলো গভীর অর্থময় এক প্রতীকের মতো লাগছে। মনে হচ্ছে, আঙুলগুলো কোনো ব্যক্তির গলায় নয়, বরং বাংলাদেশের বাকস্বাধীনতার কণ্ঠনালিতে চেপে বসেছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেই এমন অশুভ একটি ঘটনা আমাদের দেখতে হলো? রোজিনাকে তাঁর পরিবারের কাছে দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।”
অভিনেতা চঞ্চল চৌধুরী মুখোশ পরা নিজের একটি ছবি ফেইসবুকে পোস্ট করে লিখেছেন, “করোনার কারণে আমরা যে মুখোশ পরা শুরু করেছি, সে অভ্যাসটা চলমান থাক। কিন্তু আসুন, আসল মুখোশটা খুলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই। দৃপ্ত কণ্ঠে আওয়াজ তুলি, ‘রোজিনা ইসলামের মুক্তি চাই’।”
চিত্রনায়ক শাকিব খান লিখেছেন, “একজন সৎ সংবাদকর্মী তো কখনোই রাষ্ট্রের প্রতিপক্ষ নন। বরং তিনি সমাজ তথা দেশের দর্পণ হিসেবে কাজ করেন। দেশের উজ্জ্বলতম অনুসন্ধানী সাংবাদিকের এমন দশায় উদ্বিগ্ন হই, মনটা ভারাক্রান্ত হয়।…
“সুসাংবাদিকতা করতে গিয়ে রোজিনা ইসলাম যেভাবে হেনস্তার শিকার হয়েছেন তা মোটেও কাম্য নয়। এতে করে স্বাধীন সাংবাদিকতার পথকে সংকুচিত করা হয়েছে। আদালতের মাধ্যমে রোজিনা ইসলাম যেন শতভাগ ন্যায়বিচার পান সেই কামনা করছি।”
রোজিনা ইসলামকে ‘হেনস্তার’ প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও) বলেছে, “সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বাধা দেওয়া বড় অন্যায়। আরও বড় অন্যায় প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে সাংবাদিক রোজিনাকে থানায় পাঠিয়ে দেওয়া। সেখান থেকে তাকে যেভাবে আদালতে হাজির করে জেলে পাঠানো হয়েছে, সেটা সীমা লঙ্ঘন করেছে।’
অভিনয়শিল্পী, নির্মাতাদের মধ্যে ফেইসবুকে প্রতিবাদে শামিল হয়েছেন চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, নাট্যনির্মাতা আশফাক নিপুণ, অভিনেত্রী শাহনাজ খুশি, চিত্রপরিচালক পরিচালক দীপংকর দীপন, অভিনেত্রী তানভীন সুইটি, অভিনেতা সাজু খাদেম, অভিনেত্রী বিজরী বরকত উল্লাহ, অভিনেত্রী, নির্মাতা মেহের আফরোজ শাওনসহ আরও অনেকে।
