দুই বছর পর ইমরান-পড়শীর গানচিত্র
প্রায় দুই বছর পর ‘এক দেখায়’ শিরোনামে একটি গানের ভিডিওচিত্রে হাজির হচ্ছেন দুই কণ্ঠশিল্পী ইমরান ও পড়শী।
গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। পড়শীকে নিয়ে গাওয়ার পাশাপাশি সুর-সংগীত করেছেন ইমরান নিজেই। আর ভিডিও নির্মাণ করলেন সৈকত রেজা।
সিএমভি’র ব্যানারে নির্মিত ব্যয়বহুল এই ভিডিওটির দৃশ্যধারণ হয়েছে সুনামগঞ্জ ও ময়মনসিংহে।
ইমরান বলেন, “এটি নিয়ে আমাদের তিনটি মিউজিক ভিডিও হচ্ছে। সংখ্যাটা খুব কম। তবে আগের দুটো গানের সফলতা অনেক। সেজন্যই অনেক সময় নিয়ে নতুন কাজটি করা। এই ঈদে আমাদের ভক্তদের জন্য এটা বিশেষ উপহার।”
পড়শী বলেন, “অনেক দিন বিরতির পর আবারও আমরা একসঙ্গে গান করলাম। গানটি আসছে ভিডিওসহ। আশা করি সবার ভালো লাগবে।”
ভিডিওটি আগামী সপ্তাহে সিএমভির ইউটিউব চ্যানেল ও ফেইসবুক ফেইজে প্রকাশ করা হবে বলে জানান প্রতিষ্ঠানটির কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু।
ইমরান-পড়শীর প্রথম মিউজিক ভিডিও ‘জনম জনম’ প্রকাশ হয় ২০১৩ সালে। এরপর ২০১৯ সালে প্রকাশ হয় ‘আবদার’।
