আরও দুইটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আরিকের ‘ট্রানজিট’
২০২১ সালের জানুয়ারিতে আরিক আনাম খান পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “ট্রানজিট” আরও দু’টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে ।
ছবিটির ইউরোপীয় প্রিমিয়ার অনুষ্ঠিত হবে ফ্রান্সের স্বনামধন্য ক্লেরমন-ফেরান আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে।
বাংলাদেশে প্রিমিয়ার অনুষ্ঠিত হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে । এর আগে গত অক্টোবর মাসে ছবিটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
ক্লেরমন-ফেরান চলচ্চিত্র উৎসব পৃথিবীর বৃহত্তম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব আর ফিল্ম মার্কেট।
বলা হয়ে থাকে কানসের চলচ্চিত্র উৎসবের পর এটিই ফ্রান্সের দ্বিতীয় সর্বোচ্চ এবং মর্যাদাপূর্ণ উৎসব। এই উৎসব থেকেও “অস্কার” এর জন্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচন করা হয়ে থাকে।
এ বছর প্রায় ৭০০০ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র থেকে কেবল ৭৮টি চলচ্চিত্রকে উৎসবের মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচন করা হয়, যেখানে “ট্রানজিট” স্থান করে নিয়েছে। এবার উৎসবটির ৪২তম আসর, যেখানে ২০২১ জানুয়ারি ৩১ থেকে ফেব্রুয়ারির ৭ তারিখের ভেতর চলচ্চিত্রটির প্রদর্শনীর কথা রয়েছে।
শুধু তাই নয়, আরিক জানান, অবশেষে ছবিটির বাংলাদেশ প্রিমিয়ার হতে যাচ্ছে আসন্ন ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ২০২১ এর জানুয়ারিতে প্রথম বারের মতন বাংলাদেশী দর্শকরা চলচ্চিত্রটি দেখার সুযোগ পাবে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ১৬ থেকে ২৪ জানুয়ারির ভেতর “ট্রানজিট” চলচ্চিত্রটি দেখানো হবে।
চলচ্চিত্রটির মূল চরিত্রে অভিনয় করেছেন জাহাঙ্গীর আলম। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শারমীন আঁখি, বৈদ্য নাথ সাহা, খায়রুল আলম টিপু, শরিফ হোসেন ইমন, প্রমুখ। ক্যামেরা তে ছিলেন ই.টি অং, সম্পাদনা করেছেন সামীর আহমেদ, এবং আবহ সংগীত করেছেন আরাফাত মহসিন।
বিশ্বে কোভিড-১৯ এর মহামারীর জন্য দুটি উৎসবই কিছুটা সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে।
