২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলা একাডেমির পরিচালকের দায়িত্বে মিমি ও মিনি

অভিনেত্রী, নির্মাতা আফসানা করিম মিমি ও চিত্রশিল্পী সৈয়দা মাহবুবা করিম মিনিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালকের দায়িত্ব দিয়েছে সরকার।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2020, 06:43 PM

Updated : 08 Apr 2022, 01:38 AM

চুক্তিতে তিন বছরের জন্য তাদের নিয়োগ দিয়ে ১১ নভেম্বর এক অফিস আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

উপসচিব অলিউর রহমান স্বাক্ষরিত এ অফিস আদেশে বলা হয়েছে, অন্যান্য সংগঠন ও প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন তারা।

তাদের মধ্যে কে কোন বিভাগের পরিচালকের দায়িত্বে থাকবেন তা এখনও নির্ধারণ করা হয়নি; যোগদানের পর তাদের দায়িত্ব বণ্টন করা হবে জানান বলে শিল্পকলা একাডেমির তরফ থেকে জানানো হয়েছে।

চিত্রশিল্পী মাহবুবা করিম মিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে পড়াশোনা সম্পন্ন করে যুক্তরাষ্টের আর্ট ইন্সটিটিউট অব শিকাগোতে পড়াশোনা করেছেন।

মঞ্চনাটকের দল নাগরিক নাট্য সম্প্রদায়ের কাজের মধ্য দিয়ে অভিনয়জীবন শুরু করেন আফসানা মিমি।

পরবর্তীতে হুমায়ূন আহমেদের রচনা ও মোহাম্মদ বরকতউল্লাহর নির্দেশনায় ‘কোথাও কেউ নেই’ নামে অভিনয় করে দর্শকদের মাঝে পরিচিতি পান।

টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি ‘নদীর নাম মধুমতি’, ‘চিত্রা নদীর পাড়ে’ ও ‘প্রিয়তমেষু’চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।

যুক্ত আছেন নির্মাণে; ‘ডলস হাউস’, ‘পৌষ ফাগুনের পালা’সহ বেশ কয়েকটি নাটক পরিচালনা করেছেন আফসানা মিমি।