২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিনেমা সঙ্কট: প্রযোজক ও হল মালিকদের নিয়ে বসছেন তথ্যমন্ত্রী

হল খোলার পর সিনেমা সঙ্কট নিয়ে প্রযোজক ও হল মালিকদের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই দুই সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2020, 01:39 PM

Updated : 08 Apr 2022, 01:36 AM

সোমবার সকাল ১১টায় তথ্যমন্ত্রীর সরকারি বাসভবনে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক- পরিবেশক সমিতি ও বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সঙ্গে এ বৈঠক হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন আহম্মদ।

বৈঠকে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির পক্ষ থেকে অংশ নেবেন সংগঠনের উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, মিয়া আলাউদ্দিন। প্রযোজক সমিতির পক্ষ থেকে থাকবেন সভাপতি খোরশেদ আলম খসরু, সাধারণ সম্পাদক শামসুল আলম।   

এর আগে প্রযোজকদের হাতে ২০টির বেশি চলচ্চিত্র থাকলেও তা ‘মুক্তি না দেওয়ায়’ দর্শক সঙ্কটে সিনেমা হলগুলো স্থায়ীভাবে বন্ধের শঙ্কার কথা জানিয়ে সরকারি হস্তক্ষেপ কামনা করেছিলেন হল মালিকরা।

তবে ওই অভিযোগ উড়িয়ে দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি বলেছিল, সিনেমা হল খোলার পর ‘সাহসী হিরো আলম’ ও ‘ঊনপঞ্চাশ বাতাস’ নামে দুটি চলচ্চিত্র মুক্তি দিয়েছেন তারা।

সংগঠনের সভাপতি খোরশেদ আলম খসরু বৃহস্পতিবার বলেছিলেন, “সিনেমা মুক্তি দেওয়ার পর প্রডিউসারদের টাকা তো তুলতে হবে। যে অনুপাতে খরচ হচ্ছে সেই অনুপাতে অর্থ তুলতে না পারলে সিনেমা কীভাবে মুক্তি দেওয়া যাবে।”

চলচ্চিত্র মুক্তির ক্ষেত্রে লোকসান কমাতে ভর্তুকির দাবির কথাও জানিয়েছিল প্রযোজক সমিতি।

বৈঠকে তথ্যমন্ত্রীর কাছে নিজেদের দাবি-দাওয়ার কথা তুলে ধরবে দুই সংগঠন; তথ্যমন্ত্রণালয়ে চলমান সিনেমা সঙ্কটের সুরাহা মিলবে বলে আশা করছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক- পরিবেশক সমিতি ও বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি।

পুরনো খবর:

প্রযোজকরা সিনেমা ‘দিচ্ছে না’, সরকারের হস্তক্ষেপ চান হল মালিকরা