বিলুপ্ত হয়ে যেতে পারে সিনেমা হল
ওয়ান্ডার উইম্যান ছবির পরিচালকের আশঙ্কা হলে গিয়ে সিনেমা দেখার অভ্যাসটাই হয়ত থাকবে না।
‘ওয়ান্ডার উইম্যান ১৯৮৪’ ছবি মুক্তির তারিখ তিনবার পিছিয়ে যাওয়ার পর পরিচালক প্যাটি জেনকিন্স আশঙ্কা করছেন, এক সময় হয়ত সিনেমা হলে গিয়ে ছবি দেখার বিষয়টাই আর থাকবে না।
মার্কিন সরকারের কাছে জেনকিন্স-সহ হলিউডের বিভিন্ন পরিচালক সিনেমা-শিল্পকে বাঁচাতে প্রণোদনা দেওয়ার প্রস্তাব করেছেন।
তিনি মনে করেন, এই সাহায্য ছাড়া শত বছরের পুরানো সিনেমার ঐতিহ্য আমেরিকার সংস্কৃতি থেকেই হয়ত হারিয়ে যাবে।
লস অ্যাঞ্জেলেসের বাসায় থেকে দেওয়া রয়টার্সের এক সাক্ষাৎকারে জেনকিন্স বলেন, “আমরা যদি এটা বন্ধ করে দেই তবে সেটা আর হয়ত উল্টানো যাবে না। আমরা হয়ত সারা জীবনের জন্য হলে যাওয়ার বিষয়টাই হারিয়ে ফেলবো।”
যুক্তরাষ্ট্রের ‘দি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ থিয়েটার ওউনার্স’য়ের মতে প্রায় ৬৯ শতাংশ ছোট ও মাঝারি সিনেমা হলগুলোকে হয়ত জোর করে বন্ধ করে দিতে হবে নয়ত দেউলিয়া হয়ে যাবে।
জেনকিন্স মনে করেন, বিস্তরভাবে এই হল বন্ধ থাকার ফলে হলিউড হয়ত সিনেমা হলে ছবি মুক্তি বিনিয়োগ করার পরিবর্তে সরাসরি ‘স্ট্রিমিং মিডিয়া’র দিকে ঝুঁকে যাবে।
“এটা অনেকটা এমন হতে পারে যা হয়েছে সংগীত-শিল্প মাধ্যমে।”
তিনি আরও বলেন, “লাভজনক না হওয়াতে হয়ত পুরো শিল্পটাকেই আপনি ভেঙে টুকরা টুকরা করে দিতে পারেন।”
‘ওয়ান্ডার উইম্যান’য়ের মতো বড় বাজেটের ছবিগুলো ‘স্ট্রিমিং মিডিয়া’র জন্য উপযুক্ত নয়। আর সবাই মিলে বড় পর্দায় ছবি দেখার যে আনন্দ সেটা থেকেও বঞ্চিত হবেন দর্শকরা।
জেনকিন্সের কথায়, “আমার মনে হয়না আমাদের সন্তানের জন্য এমন একটি দিন চাইব যখন সিনেমা দেখতে বসার ঘরেই শুধু যেতে হবে। এমকি প্রিয় মানুষকে নিয়েও যাওয়ার জায়গা থাকবে না।”
আলোচিত কয়েকটি ছবির মধ্যে ‘মুলান’ সিনেমা হলের পরিবর্তে ‘স্ট্রিমিং মিডিয়া’তে মুক্তি দেওয়া হয়। তবে জেনকিন্স ‘ওয়ান্ডার উইম্যান ১৯৮৪’ ছবিটি ‘স্ট্রিমিং মিডিয়া’তে মুক্তি দেওয়ার কথা ভাবছেন না।
তার পরিচালিত ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘ওয়ান্ডার উইম্যান’ ছবিটি বিশ্বজুড়ে ৮২ কোটি ২০ লক্ষ মার্কিন ডলার ব্যবসা করে।
গাল গাদোত অভিনীত ‘ওয়ান্ডার উইম্যান ১৯৮৪’ ছবিটি এখন পর্যন্ত ক্রিস্টমাস উপলক্ষ্যে ডিসেম্বর মাসে মুক্তি দেওয়া হবে বলে ঠিক হয়ে আছে।
জেনকিন্স বলেন, “আমি দেখতে পাচ্ছি মহামারীর পরিস্থিতি দিন দিন উন্নতি হচ্ছে আর আশা করি ছবিটি সিনেমা হলে বসেই দর্শকরা উপভোগ করবেন।”
