২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সঙ্গীতের স্বত্ব সুরক্ষায় নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত

সঙ্গীতের স্বত্ব সুরক্ষায় সঙ্গীত নীতিমালা প্রণয়নে একমত হয়েছে গীতিকবি, সুরকার ও কণ্ঠশিল্পীদের ৩টি সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2020, 12:51 AM

Updated : 18 Aug 2022, 03:51 PM

রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে কপিরাইট অফিসের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত আসে বলে কপিরাইট অফিসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

গীতিকার আসিফ ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন কণ্ঠশিল্পীদের নবগঠিত সংগঠন সিঙ্গার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক কুমার বিশ্বজিৎ। 

১৫টি দাবি সম্বলিত প্রস্তাবনা পাঠ করেন গীতিকবি সংঘের সিনিয়র সদস্য কবির বুকুল, মিউজিক কম্পোজার সোসাইটি বাংলাদেশের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ এবং সিঙ্গার্স এসোসিয়েশন অফ বাংলাদেশের নির্বাহী সদস্য জয় শাহরিয়ার।

সভায় সভাপতিত্ব করেন সিঙ্গার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের আহ্বায়ক রেজওয়ানা চৌধুরী বন্যা।

রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, “সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ দেশের সঙ্গীতাঙ্গনের সব সঙ্গীত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন প্রয়োজন। এ দেশের গানের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ, প্রচার ও প্রসারের লক্ষ্যে একটি নীতিমালা প্রনয়ন ও বাস্তবায়নের যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে।”

বিদেশে সঙ্গীতসংশ্লিষ্ট সাংস্কৃতিক প্রতিনিধি দল প্রেরণের ক্ষেত্রে উপযুক্ত প্রার্থী নির্বাচনে এ ৩টি সংগঠনের মতামত গ্রহণেরও সুপারিশ করেন বন্যা। 

মিউজিক কম্পোজার সোসাইটি বাংলাদেশের সভাপতি নকিব খান বলেন, “সঠিক আইন না থাকায় এবং বিদ্যমান আইনের উপযুক্ত প্রয়োগ না হওয়ায় এদেশের সংগীত অঙ্গনের সার্বিক উন্নয়ন এবং সঙ্গীত কর্মীদের প্রাপ্য অধিকার প্রতিষ্ঠা সম্ভব হচ্ছে না। দেশের সংগীতাঙ্গনে তৈরি হয়েছে স্থবিরতা।”

 তিনি দ্রুত কপিরাইট আইন সংশোধন এবং এর আওতাধীন বিধিগুলো প্রণয়নের আহ্বান জানান।

গীতিকবি সংঘের প্রধান সমন্বয়ক শহীদ মাহমুদ সঙ্গীতের রয়্যালটি এবং সঙ্গীত সংশ্লিষ্টদের নিজ নিজ অধিকার সম্পর্কে সচেতনতা তৈরির জন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ কর্মসূচি প্রণয়নের আহ্বান জানান।

সভায় ৩টি সংগঠনের পক্ষ থেকে সংস্কৃতি প্রতিমন্ত্রীর কাছে সঙ্গীত সংশ্লিষ্টদের অমীমাংসিত বিষয়গুলো প্রস্তাব আকারে তুলে ধরা হয়।

প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, “শিগগিরই এই নীতিমালা প্রণয়নের লক্ষ্যে সঙ্গীত শিল্পীদের মতামত গ্রহণ করার উদ্যোগ নেওয়া হবে।  তাদের মতামতের ভিত্তিতে নীতিমালা প্রণীত হবে।”

এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অফ কপিরাইট জাফর রাজা চৌধুরী।