বিশ্ব সংগীত দিবসে মাহবুবুল এ খালিদের গান
ছয়টি গানের মধ্যে দুটি গানে সুর করেছেন প্রয়াত সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল।
২১ জুন বিশ্ব সংগীত দিবস উপলক্ষ্যে এ প্রজন্মের কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদের লেখা এই গানগুলো তার নিজস্ব ওয়েবসাইট ‘খালিদ সংগীত ডটকম’য়ে প্রকাশ পেয়েছে।
‘গানে গানে বিশ্ব যেন’, ‘এ তো গান নয়’ এবং ’গানের সংজ্ঞা’ শিরোনামের উপলব্ধি এবং স্মৃতিকথামূলক গানগুলোয় তিনি নিজেই সুর দিয়েছেন। গেয়েছেন নন্দিতা, সাবরিনা নওশিন এবং রিতু হাসনাত।
‘তোমার জন্য লিখেছি গান’ শিরোনামের আরেকটি গানেও সুর দিয়েছেন তিনি। রোমান্টিক ঘরানার এ গান গেয়েছেন নন্দিতা।
এছাড়া ‘গান পেলে মন’ এবং ’গানেই কথা, গানেই ব্যথা’ গানগুলো সুর করেছেন প্রয়াত সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। দার্শনিক ও রোমান্টিক বিষয়ভিত্তিক এ গানদুটোর একটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল, স্মরণ ও রাজীব। অপরটিতে কোনাল ও সাব্বির।
এ প্রসঙ্গে মাহবুবুল এ খালিদ বলেন, “একটি ভালো গান, একটি ভালো কবিতাও বটে। একটি গান বা কবিতা তখনই স্বার্থক হয়ে ওঠে যখন তা বিনোদনের পাশাপাশি মানুষের আত্মার খোরাক যোগায়। মানুষকে অনুপ্রাণিত করে। এই গানগুলোয় এমন বার্তা প্রকাশ পেয়েছে। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।”
সাধারণত উৎসব, বিষয়-ভিত্তিক ও ঘটে যাওয়া ঘটনার ওপর ভিত্তি করে গান লেখেন এই গীতিকার। এর আগে তিনি বিশ্বকাপ ফুটবল, বাউল সম্রাট, ঈদ, ফেলানি হত্যা, ভাষা দিবস, জন্মাষ্টমী, পূজা, বর্ষবরণ ইত্যাদি বিষয় নিয়ে গান রচনা করেছেন।
