কামাল লোহানীকে গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি
করোনাভাইরাসে আক্রান্ত শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক, সাংস্কৃতিক আন্দোলনের সংগঠক কামাল লোহানীকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফুসফুস ও কিডনি জটিলতা নিয়ে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার নমুনা পরীক্ষায় শুক্রবার সকালে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।
তার বড় মেয়ে বন্যা লোহানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে জানান, তার বাবাকে বিকাল ৫টার দিকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
কোভিড-১৯ রোগে আক্রান্তদের চিকিৎসায় নির্ধারিত সরকারি হাসপাতালগুলোর মধ্যে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালও একটি।
এর আগে পরিবারের তরফ থেকে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার আগ্রহের কথা জানানো হলেও শয্যা খালি না থাকায় সেখানে নেওয়া সম্ভব হয়নি বলে জানান বন্যা।
৮৬ বছর বয়সী কামাল লোহানী ফুসফুস ও কিডনি জটিলতার পাশাপাশি হৃদরোগ ও ডায়াবেটিসের সমস্যাতেও ভুগছেন দীর্ঘদিন ধরে।
